ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা নদীতে যৌথ অভিযানে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ২২ হাজার মিটার অবৈধ মাছ ধরার জাল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে সদর উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করে এ জালগুলো জব্দ করা হয় । অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেগুফতা মেহনাজ ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোসা.সাইয়্যেদা এবং আইনশৃঙ্খলা রক্ষায় নৌ পুলিশের একটি দল সহযোগিতা করে।
মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, অভিযানে নদী থেকে প্রায় ৪ হাজার মিটার দৈর্ঘ্যের ১০টি ‘চায়না দুয়ারী’ জাল এবং ১৮ হাজার মিটার দৈর্ঘ্যের ২টি ‘বাঁধা জাল’ জব্দ করা হয়। জব্দ করা জালের বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা। পরে দুপুরের দিকে জালগুলো শহরের গুরুধাম এলাকায় নিয়ে পুড়িয়ে ফেলা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ বলেন, দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় ক্ষতিকর অবৈধ জালের ব্যবহার বন্ধে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলবে। ২০২৬-২০২৭ অর্থবছরে ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০’ বাস্তবায়নের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে।