পিরোজপুরের ভাণ্ডারিয়ায় এক গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশার কারণে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন পাঁচ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ এলাকাবাসী।
উপজেলার ভাণ্ডারিয়া পৌরসভার ১নং ওয়ার্ড লক্ষীপুরা গ্রামের উপর দিয়ে ভিটাবাড়িয়া ইউনিয়নে যাওয়ার এ সড়কটি দিয়ে প্রতিদিন ভাণ্ডারিয়া বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়, ৬৮ নং হাই সংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়, ভাণ্ডারিয়া শাহাবুদ্দিন কামিল মাদরাসা, ভাণ্ডারিয়া বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়, ভাণ্ডারিয়া মজিদা বেগম মহিলা কলেজ, থানা বালিকা মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক শত শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী এ সড়কটি দিয়ে প্রতিনিয়ত চলাচল করে।
দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার না হওয়ায় বিভিন্ন স্থানে সৃষ্টি হওয়া খানাখন্দ ও গর্তে সামান্য বৃষ্টিতেই জমে যায় পানি ও কাদা, ফলে ছাত্র ছাত্রীসহ জনসাধারণের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয়।
স্থানীয়দের অভিযোগ, সড়কটির বেহাল অবস্থার কারণে প্রতিদিন স্কুল-কলেজে যাতায়াতের সময় শিক্ষার্থীদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কটি দিয়ে চলাচল করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এতে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, অভিভাবক ও সাধারণ পথচারীরাও দুর্ভোগের শিকার হচ্ছেন।
এলাকাবাসী ও শিক্ষার্থীদের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সড়কটি পরিদর্শন করে সংস্কারের উদ্যোগ নিলে দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি পাবেন তারা।
এ ব্যাপারে ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. হাসিবুল হাসান বলেন, এই সড়কটি সংস্কারের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য পৌরসভা প্রকৌশলীকে বলে দিয়েছি।
ভাণ্ডারিয়া পৌরসভার প্রকৌশলী গাজী নজরুল ইসলাম বলেন, সড়কটির কাজের অনুমোদনের জন্য আমরা ঢাকায় পাঠিয়েছি, ঢাকা থেকে অনুমোদন হয়ে আসলে দ্রুত কাজ শুরু করা হবে।