গাজীপুরের শ্রীপুরে সহপাঠিদের সাথে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মাদ্রাসা ছাত্র মারা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবরিদল মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে বুঝিয়ে দেয়।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকালে পৌরসভার ৬ নম্বর ওর্য়াডের চন্নাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
চন্নাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনের একটি পুকুরে কয়েকজন সহপাঠি মিলে গোসলে নামে। তাদের মধ্যে দুইজন ডুবে যায়। একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তখনও আদি নিখোঁজ ছিলো। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল আসে।
নিহত মাদ্রাসা ছাত্রের নাম ইয়াসির আরাফাত আদি (১৪)। সে পাশের একটি কওমি মাদ্রাসায় হেফজ বিভাগে পড়াশুনা করতো।
সে ওই গ্রামে সাইফুল ইসলামের ছেলে। সাইফুল ইসলাম ১ নম্বর সিএন্ডবি বাজার এলাকায় ওষুধের দোকান পরিচালনা করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, আদিসহ অন্তত ৭/৮ জন মিলে স্কুলের পুকুরে গোসলে নামে। এ সময় সবার অগোচরেই দুইজন ডুবে যায়। হঠাৎ এক পথচারি টেয় পেয়ে একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। পরে তাকে হাসপাতালে পাঠানো হয়।
অপরদিকে ইয়াসির আদিকে পাওয়া যাচ্ছিল না। পরে ফায়ার সার্ভিস খবর দেওয়া হয়। দুই ঘন্টা চেষ্টা করে তার মরদেহ উদ্ধার করা হয়।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খাইরুল আলম বলেন, পুকুরের পানিতে ডুবে যাওয়া একজন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শ্রীপুর মডেল থানার ওসি শাহীনুর আলম বলেন, পুকুরের পানিতে গোসল করতে নেমে এক মাদ্রাসা ছাত্র নিঁখোজ হয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।