দিল্লিতে চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্ট ও ভিডিও মুছে ফেলতে শিক্ষার্থীদের নির্দেশ দিয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) মাদ্রাজ কর্তৃপক্ষ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থীর বরাতে জানা গেছে, বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রতিষ্ঠানের ডিন ও ফ্যাকাল্টি অ্যাডভাইজরের নির্দেশে শিক্ষার্থীদের ইনস্টাগ্রামে প্রকাশ করা সংহতির পোস্ট ও ভিডিও সরিয়ে ফেলতে বলা হয়।
শিক্ষার্থীদের কাছে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, কর্তৃপক্ষের হস্তক্ষেপের পর যন্তর মন্তরের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে তৈরি ও প্রকাশ করা সব ভিডিও ও পোস্ট অপসারণ করা হচ্ছে।
সম্প্রতি দিল্লির যন্তর মন্তরে চলমান ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্লোগান, ব্যানার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করছেন। এর মধ্যেই আইআইটি মাদ্রাজ কর্তৃপক্ষের এ নির্দেশ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।