দক্ষিণী চলচ্চিত্রের সুপারস্টার থালাপতি বিজয়কে আর পর্দায় দেখা যাবে না। রাজনীতির ময়দানে পা দেওয়ার পর ‘জন নায়গণ’ ছবি দিয়েই সিনেদুনিয়াকে বিদায় জানাচ্ছেন এই অভিনেতা ও নতুন মুখ্যমন্ত্রীকে। আজ ২৩ জুলাই মুক্তি পেল তার শেষ সিনেমা জন নায়গণ’। শুধু সিনেমা নয়, পর্দায় শেষবার প্রিয় নায়ককে দেখতে প্রেক্ষাগৃহে উপচে পড়ছে ভক্ত-অনুরাগীরা। সিনেমা মুক্তির দিন আজ তামিলনাড়ু জুড়ে যেমন আনন্দের জোয়ার, তেমনই চোখে জল অনুরাগীদের।
ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, আজ চেন্নাইয়ের কোয়েম্বাটুরের বিখ্যাত ‘রোহিনী’ থিয়েটারের সামনে ভোর রাত থেকেই দেখা গেছে অগুনতি মানুষের ঢল। থিয়েটার চত্বরে দাঁড় করানো বিজয়ের বিশালাকার পোস্টারের সামনে হাতজোড় করে দাঁড়িয়ে অনুরাগী থেকে সমর্থকরা। কেউ গায়ে জড়ান বিজয়ের ছবি আঁকা বিশেষ জামা, কেউ বা নিজের সাধের বিলাসবহুল গাড়ি নায়কের ছবি দিয়েই মুড়িয়ে ফেলেছেন। এমনকি, আস্ত একটা রথ সাজিয়ে প্রিয় ‘থাঙ্গামে’কে স্বাগত জানানো হয়েছে।
পরিচালক এইচ. বিনোদের এই হাই-ভোল্টেজ সিনেমায় বিজয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন পূজা হেগড়ে, ববি দেওল, মমিতা বাইজু, প্রকাশ রাজের মতো জনপ্রিয় তারকারা। অনিরুদ্ধর দুর্দান্ত আবহসংগীতের তালে সিনেপ্রেমীদের নস্টালজিয়া আর আবেগ মিলিয়ে এক অভূতপূর্ব পরিবেশ তৈরি হয়েছে।
বিজয়ের রাজনীতিতে পূর্ণাঙ্গ পদার্পণ এবং জনসেবাকে বেছে নেওয়ার এই সিদ্ধান্তকে ভক্তরা সম্মান জানাচ্ছেন ঠিকই, তবে অভিনেতা বিজয়ের বিদায়বেলা তাদের চোখে জল এনে দিয়েছে। এক অভিনেতার রাজকীয় রুপালি পর্দা যাত্রা যে এইভাবে চোখের জল আর উন্মাদনার যুগলবন্দিতে শেষ হবে, তা হয়ত কেউ কল্পনাও করতে পারেনি। তবে আপাতত বিজয়ের ক্যারিয়ারের শেষ ছবি চুটিয়ে উপভোগ করছেন ভক্তরা।