শেষপর্যন্ত ঢাকায় এসেছেন পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলাম। এসেই ভক্তদের জন্য সেই সুখবর দিলেন তিনি। আগামীকাল শুক্রবার রাজধানীর পূর্বাচলে অবস্থিত ক্রিকেটার্স একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে তার বহুল কাঙ্ক্ষিত গান পরিবেশনা ‘আতিফ আসলাম লাইভ ইন ঢাকা’। এ উপলক্ষ্যে বুধবার দিবাগত রাতে ঢাকায় পৌঁছান এই তারকা।
আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকালে রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আতিফ জানান, আগামী ৩১ জুলাই প্রকাশ পাবে তার নতুন অ্যালবাম ‘সুবাহ্ আয়না’। একই সঙ্গে বাংলাদেশের দর্শক, খাবার, শিল্পী এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও খোলামেলা কথা বলেন এই গায়ক।
সংবাদ সম্মেলনে আতিফ জানান, গত কয়েক বছর কনসার্ট, রেকর্ডিং ও চলচ্চিত্রের গানে এতটাই ব্যস্ত ছিলেন যে নিজের লেখা ও সুর করা গান প্রকাশের সুযোগ পাননি। যদিও এই সময়জুড়ে তিনি নিয়মিত গান লিখেছেন এবং নতুন সুর তৈরি করেছেন।
তিনি বলেন, ‘আমি মূলত চলচ্চিত্রের গানের জন্য গাইছিলাম। কিন্তু অনেক দিন ধরেই মনে হচ্ছিল, নিজের পছন্দের গানগুলো প্রকাশ করা আমার নিজের কাছেই একটি দায়বদ্ধতা। তাই এবার সেই কাজটি করছি। ইনশাআল্লাহ, এখন থেকে প্রতি বছর একটি করে অ্যালবাম প্রকাশ করার পরিকল্পনা রয়েছে।’
নতুন অ্যালবাম প্রসঙ্গে আতিফ জানান, ‘সুবাহ্ আয়না’ শিরোনামের এই অ্যালবামে থাকছে আটটি গান। প্রায় আট বছর ধরে তিনি এই প্রজেক্ট নিয়ে কাজ করেছেন। এতে রাজ, শিরাজ উপ্পল, আহসান পারভেজ মেহেদীসহ আরও কয়েকজন সংগীতশিল্পী ও প্রযোজকের সঙ্গে কাজ করেছেন। সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হয়, ঢাকার কনসার্টে নতুন অ্যালবামের কোনো গান পরিবেশন করবেন কি না। জবাবে আতিফ স্পষ্ট করে বলেন, ‘না, অ্যালবাম প্রকাশের আগে নতুন গান গাইব না। অ্যালবাম প্রকাশের পরই আবার ফিরব, ইনশাআল্লাহ।’
আসন্ন কনসার্ট প্রসঙ্গেও কথা বলেন তিনি। আতিফ বলেন, তার প্রথম প্রার্থনা যেন বৃষ্টি না হয়। তবে বৃষ্টি হলেও দর্শকদের সঙ্গে সেই পরিবেশ আরও উপভোগ্য হয়ে উঠবে বলে বিশ্বাস করেন তিনি। একই সঙ্গে আগেরবারের তুলনায় এবার ভিন্নধর্মী আয়োজন থাকবে বলেও ইঙ্গিত দেন।