নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা অঙ্গরাজ্যে সশস্ত্র দস্যুদের হামলায় অন্তত ২৪ কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরের দিকে মোটরসাইকেলে করে আসা সশস্ত্র হামলাকারীরা জামফারা অঙ্গরাজ্যের তালাতা মাফারা স্থানীয় সরকার এলাকার সাউনা জেলার প্রত্যন্ত কৃষি গ্রামগুলোতে হামলা চালায়। এ সময় মাঠে কাজ করা কৃষকদের লক্ষ্য করে তারা এলোপাতাড়ি গুলি চালায়।
স্থানীয় বাসিন্দা আউয়াল সানি টেলিফোনে রয়টার্সকে বলেন, 'অন্তত ২৪ জন নিরীহ কৃষক নিহত হয়েছেন। ক্ষয়ক্ষতির প্রকৃত হিসাব এখনো করা হচ্ছে।'
জামফারা দীর্ঘদিন ধরেই নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের নিরাপত্তা সংকটের কেন্দ্রবিন্দু। সেখানে স্থানীয়ভাবে 'ব্যান্ডিট' নামে পরিচিত সশস্ত্র দস্যুচক্রগুলো নিয়মিত গ্রামে হামলা চালায়, মুক্তিপণের জন্য মানুষকে অপহরণ করে এবং গবাদিপশু লুট করে নিয়ে যায়।
স্থানীয়দের দাবি, হামলাকারীরা গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সড়ক মায়াঞ্চি-আনকা মহাসড়ক ধরে প্রায় ৫০ কিলোমিটার পথ অতিক্রম করে সাউনায় পৌঁছালেও পথে কোথাও নিরাপত্তা বাহিনীর বাধার মুখে পড়েনি।
আরেক বাসিন্দা বেলো আলিয়ু জানান, প্রায় তিন ঘণ্টা ধরে হামলা চলে। এ সময় হামলাকারীরা বিপুলসংখ্যক গবাদিপশু লুট করে নিয়ে যায় এবং কয়েকজনকে আহত করে। আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
তবে এ ঘটনায় নাইজেরিয়ার পুলিশ ও সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।