সুবিধাবঞ্চিত মানুষের জন্য মানসম্মত চক্ষুসেবার পরিধি সম্প্রসারণে চোখের সেবা হাসপাতাল লিমিটেডকে সহযোগিতা করবে ইস্টার্ন ব্যাংক (ইবিএল)। এর আওতায় বিশেষ করে ডায়াবেটিস জনিত চক্ষুরোগ, রেটিনার জটিলতা এবং নির্ভুল ও সূক্ষ্ম চক্ষু অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় উন্নত চিকিৎসাসেবা প্রদানে সহায়তা করা হবে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ঢাকায় ইবিএলের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এসময় ইবিএল ব্যবস্থাপনা পরিচালক হাসান ও. রশিদ চোখের সেবা হাসপাতাল লিমিটেডের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক নজরুল ইসলামের হাতে ৭৫ লাখ টাকার একটি চেক তুলে দেন।
এই অংশীদারিত্বের মাধ্যমে চোখের সেবা হাসপাতাল বাংলাদেশের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর রোগীদের জন্য স্বল্পমূল্যে চক্ষু পরামর্শ, চিকিৎসা এবং অস্ত্রোপচার সেবা অব্যাহত রাখবে, যার ফলে মানসম্মত চক্ষুসেবায় সুবিধাবঞ্চিত জনসাধারণের প্রবেশাধিকার আরও বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক নজরুল ইসলাম বলেন, 'দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া শুধু একটি চিকিৎসাসেবা নয়, এটি মানুষের মর্যাদা, আত্মনির্ভরতা ও আশার পুনরুদ্ধার। ইস্টার্ন ব্যাংকের সহযোগিতার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই সহায়তা আমাদের চক্ষু চিকিৎসা সেবার সক্ষমতা আরও বৃদ্ধি করবে এবং যাদের সবচেয়ে বেশি প্রয়োজন, সেই সকল মানুষের জন্য মানসম্মত ও সাশ্রয়ী চক্ষুসেবা নিশ্চিত করতে সহায়ক হবে।'
ইবিএল ব্যবস্থাপনা পরিচালক হাসান ও. রশিদ বলেন, 'চোখের সেবা হাসপাতাল দীর্ঘদিন ধরে সারা দেশের মানুষের জন্য মানসম্মত চক্ষুসেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে আসছে। হাসপাতালটির এই উদ্যোগের সঙ্গে যুক্ত হতে পেরে ইবিএল গর্বিত। আমাদের পারস্পারিক সহযোগিতার মাধ্যমে হাসপাতালটির সেবাদানের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মানসম্মত চক্ষুসেবা আরও সহজলভ্য হবে।'
অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চোখের সেবা হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন চেয়ারম্যান ডা. মো. মমিনুল ইসলাম, কনসালট্যান্ট ডা. মুনতাসসির এবং আইটি ও মার্কেটিং কর্মকর্তা আয়াতুল আহাম্মেদ। ইবিএলের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন, ব্র্যান্ড, মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনস বিভাগের প্রধান জিয়াউল করিম, প্রশাসন বিভাগের প্রধান মেজর মো. আব্দুস সালাম, পিএসসি (অব.), কোম্পানি সেক্রেটারি মো. আবদুল্লাহ আল মামুন, এফসিএস, বিজনেস ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রধান মো. মাসকুর রেজা, এফসিএ এবং ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান মেজর আরিফ চৌধুরী (অব.) সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।