সরকারি আমানতের তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক

সরকারি নগদ ব্যবস্থাপনা ও ট্রেজারি সিঙ্গেল অ্যাকাউন্টের (টিএসএ) স্বচ্ছতা নিশ্চিত করতে সরকারি আমানতের তথ্য পাঠানোর ক্ষেত্রে নতুন অর্থনৈতিক খাত কোড বা আইডি সংযোজন করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে সরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন সংস্থার আমানতের তথ্য পৃথকভাবে চিহ্নিত করে কেন্দ্রীয় ব্যাংকে পাঠাতে হবে। নতুন এ নির্দেশনা জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) কেন্দ্রীয় ব্যাংক এ নির্দেশনা দেন।

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন (ডিওএস) থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, সরকারি নগদ ব্যবস্থাপনা ও ট্রেজারি সিঙ্গেল অ্যাকাউন্টের স্বচ্ছতা নিশ্চিত করতে সরকারি আমানতের সম্পূর্ণ বিভাজিত তথ্য প্রয়োজন। এ জন্য নতুন কিছু অর্থনৈতিক খাত কোড বা আইডি তৈরি করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, সরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সরকারি মালিকানাধীন অনার্থিক সংস্থা, স্থানীয় কর্তৃপক্ষ, আমানত গ্রহণকারী নয় এমন সরকারি-বেসরকারি সংস্থা, অন্যান্য সরকারি আর্থিক প্রতিষ্ঠান, সরকারি বীমা কোম্পানি ও পেনশন তহবিলসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আমানতের তথ্য পৃথকভাবে সংগ্রহ ও পাঠাতে হবে।

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনায় বলা হয়েছে, সংযুক্তি ‘ক’-তে উল্লেখিত নতুন অর্থনৈতিক খাত কোড বা আইডি ব্যবহার করে তথ্য পূরণ করতে হবে। জুলাই ২০২৬ মাস থেকে প্রতি মাসের তথ্য পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগে পাঠাতে হবে।

তবে জুন ২০২৬ মাসের সরকারি হিসাবের আমানতের মাসিক বিবরণী আগের প্রচলিত আইআইটি অনুযায়ী পাঠানো যাবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

এর আগে ২৪ মার্চ ২০১৪ তারিখে জারি করা ডিওএস সার্কুলার লেটার নম্বর-১০-এর ধারাবাহিকতায় নতুন এ নির্দেশনা দেওয়া হলো। বাংলাদেশ ব্যাংক বলছে, সরকারি আমানতের তথ্য আরও সুনির্দিষ্ট ও প্রতিষ্ঠানভিত্তিকভাবে সংরক্ষণ করা হলে সরকারি অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়বে এবং সরকারি অর্থের প্রবাহ ও অবস্থান পর্যবেক্ষণ আরও কার্যকর হবে।

বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।