দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠার লক্ষে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি এবং বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশন এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই অংশীদারিত্বের আওতায় অ্যাসোসিয়েশনের সদস্যদের জন্য সমন্বিত ব্যাংকিং সেবা সুবিধা প্রদান করা হবে।
সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর বিনিময় করেন দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ এবং বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশন এর আহবায়ক ডা. খালেদ আহমেদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি-এর কনজ্যুমার ব্যাংকিং বিভাগের উপ-ব্যবস্থাপনা পরিচালক এস. এম. ওয়ালী উল মোরশেদ, কর্পোরেট লাইয়াবিলিটি অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান ফজলে ফেরদৌস, বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশন এর কোষাধ্যক্ষ ডা. মাতুয়ারা শারমিন এবং সদস্য ডা. রাজীব দে।
দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি এ চুক্তি স্মারকের মাধ্যমে বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশন- এর অফিসিয়াল ব্যাংকিং পার্টনার হিসেবে দায়িত্ব পালন করবে। এর আওতায় অ্যাসোসিয়েশন এবং এর সদস্যদের জন্য রিলেশনশিপ ম্যানেজমেন্টের মাধ্যমে ব্যাংকিং সুবিধা প্রদান, বিসিএস স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তাদের মধ্যে আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণ, যৌথ প্রচারণা ও সচেতনতামূলক কর্মসূচি আয়োজন এবং পারস্পরিক স্বার্থে ভবিষ্যৎ ব্যবসায়িক সুযোগ অনুসন্ধানের মাধ্যমে দীর্ঘমেয়াদি সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।