প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘সাইবার সিকিউরিটি ও সিটিএফ’ বিষয়ক কর্মশালা

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০৭:২১ পিএম

ডিজিটাল এই যুগে প্রতিদিনই নতুন নতুন সাইবার ক্রাইমের খবর সামনে আসছে। এমন বাস্তবতায় তরুণদের সাইবার নিরাপত্তা বিষয়ে দক্ষ করে তুলতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ‘Introduction to Cyber Security & CTF’ শীর্ষক একটি কর্মশালা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসের ৪০১ নম্বর সেমিনার হলে আয়োজিত এ কর্মশালায় শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহযোগিতায় এবং পিইউ সাইবার সিকিউরিটি ক্লাব (PUCSC)-এর উদ্যোগে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল অ্যাডভাইজার অধ্যাপক ড. মো. আনোয়ারুল কবির। সভাপতিত্ব করেন স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন ও সিএসই বিভাগের প্রধান অধ্যাপক ড. শহিদুল ইসলাম খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

মূল প্রশিক্ষক হিসেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেশিন লার্নিং রিসার্চ ইঞ্জিনিয়ার আবরার জাহিন সরকার সাইবার নিরাপত্তার মৌলিক বিষয়, বর্তমান বিশ্বের সাইবার ঝুঁকি, এথিক্যাল হ্যাকিং এবং Capture the Flag (CTF) প্রতিযোগিতা নিয়ে আলোচনা করেন। তাত্ত্বিক আলোচনার পাশাপাশি বিভিন্ন বাস্তব উদাহরণ ও হাতে-কলমে অনুশীলনের মাধ্যমে তিনি দেখান, কীভাবে একটি ছোট নিরাপত্তা দুর্বলতাও বড় ধরনের ঝুঁকির কারণ হতে পারে।

কর্মশালার সার্বিক তত্ত্বাবধান করেন সিএসই বিভাগের প্রভাষক এবং পিইউ সাইবার সিকিউরিটি ক্লাবের মডারেটর মোস্তফা কামাল সাগর। তাঁর উদ্যোগে আয়োজিত এ কর্মশালার লক্ষ্য ছিল শ্রেণিকক্ষের পাঠের পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তবধর্মী সাইবার নিরাপত্তা চর্চার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া।

বক্তারা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড কম্পিউটিং ও ডিজিটাল সেবার বিস্তারের সঙ্গে সঙ্গে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের চাহিদা দ্রুত বাড়ছে। তাই বিশ্ববিদ্যালয়জীবন থেকেই এ বিষয়ে দক্ষতা অর্জন করলে শিক্ষার্থীরা দেশ-বিদেশের প্রযুক্তি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারবেন।

কর্মশালার শেষ পর্বে ছিল আনন্দঘন এক আয়োজন। পিইউ সাইবার সিকিউরিটি ক্লাবের ‘One Video, One Member’ ক্যাম্পেইনের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে ই-সার্টিফিকেট, ক্লাবের স্মারক কলম ও আপ্যায়ন প্রদান করা হয়। পুরস্কার বিতরণ এবং অংশগ্রহণকারীদের উচ্ছ্বাসে শেষ হয় দিনব্যাপী এ আয়োজন। আয়োজকদের আশা, এ ধরনের নিয়মিত কর্মশালা ও প্রযুক্তিভিত্তিক আয়োজন শিক্ষার্থীদের শুধু দক্ষ পেশাজীবী হিসেবেই নয়, বরং একটি নিরাপদ ডিজিটাল বাংলাদেশ গঠনের অংশীদার হিসেবেও গড়ে তুলবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত