ভাতা নিয়ে অনিয়ম

দেশ রূপান্তরে সংবাদের পর তদন্তে সমাজসেবা অধিদপ্তর

দেশ রূপান্তরের অনলাইন সংস্করণে ‘ভাতা নিয়ে অনিয়মের অভিযোগে উত্তাল শিবালয়’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সমাজসেবা অধিদপ্তর।

বুধবার (২২ জুলাই) সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (সামাজিক নিরাপত্তা-৩) শিলা রানী দাসের স্বাক্ষরিত এক পত্রে এ কমিটি গঠন করা হয়।

গত শুক্রবার (১৭ জুলাই) দেশ রূপান্তরে প্রকাশিত প্রতিবেদনে মানিকগঞ্জের শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের নতুন তালিকাভুক্ত ভাতাভোগীদের মধ্যে অনিয়মের অভিযোগ তুলে ধরা হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, নতুন তালিকাভুক্ত ১৭ জন ভাতাভোগীর মধ্যে অনেকেই নির্ধারিত হারে ভাতা পাননি। কেউ পুরো ভাতা থেকে বঞ্চিত হয়েছেন, আবার কেউ ৭ হাজার ৮০০ টাকার পরিবর্তে মাত্র ৩ হাজার ৯০০ টাকা পেয়েছেন। এছাড়া ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে কয়েকজনের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগও উঠে।

দেশ রূপান্তরে সংবাদ প্রকাশের পর বিষয়টি সমাজসেবা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে তদন্তের উদ্যোগ নেওয়া হয়। গঠিত তদন্ত কমিটি আগামী সোমবার (২৭ জুলাই) সরেজমিনে গিয়ে অভিযোগের সত্যতা যাচাই করবে।

এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয় কৃষ্ণ সরকার বলেন, সমাজসেবা অধিদপ্তর অভিযোগটি গুরুত্বের সঙ্গে নিয়েছে। এ বিষয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।