বাংলা কিউআর সম্প্রসারণে জনতা ব্যাংকের বিশেষ মাঠ কার্যক্রম

বাংলা কিউআর মার্চেন্ট সম্প্রসারণ ও নিবন্ধন কার্যক্রম জোরদার করতে আগামী শুক্র ও শনিবার (২৪ ও ২৫ জুলাই) মাঠপর্যায়ে কাজ করবেন জনতা ব্যাংক পিএলসির সংশ্লিষ্ট কর্মকর্তা ও নির্বাহীরা। এ দুই দিন ব্যাংকের নিয়মিত লেনদেন কার্যক্রম বন্ধ থাকলেও কর্মকর্তা-কর্মচারীদের স্ব স্ব কর্মস্থলে উপস্থিত থেকে অফিস ও মাঠপর্যায়ের কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) জনতা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মজিবুর রহমান এ নির্দেশনা দেন। ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন এবং বাংলা কিউআর কার্যক্রমকে আরও গতিশীল করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ব্যাংক সূত্রে জানা গেছে, নির্দেশনা অনুযায়ী আগামী দুই দিন সংশ্লিষ্ট কর্মকর্তা ও নির্বাহীরা সম্ভাব্য মার্চেন্ট চিহ্নিতকরণ, নতুন মার্চেন্ট নিবন্ধন এবং বাংলা কিউআর ব্যবহারে ব্যবসায়ীদের উৎসাহিত করার কাজ করবেন। পাশাপাশি ইতোমধ্যে নিবন্ধিত মার্চেন্টদের কার্যক্রমও তদারকি করা হবে।

জনতা ব্যাংকের সংশ্লিষ্ট সব নির্বাহী ও কর্মকর্তাকে বাংলা কিউআর মার্চেন্ট সম্প্রসারণ ও নিবন্ধনের লক্ষ্যমাত্রা অর্জনে সক্রিয়ভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। এ জন্য প্রয়োজন অনুযায়ী অফিসের পাশাপাশি মাঠপর্যায়ে গিয়ে কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, দেশে ডিজিটাল লেনদেন বাড়াতে এবং বিভিন্ন ব্যাংক ও আর্থিক সেবার মাধ্যমে সহজে কিউআর পেমেন্টের সুযোগ তৈরি করতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর চালু করা হয়েছে। এর মাধ্যমে ব্যবসায়ীরা একটি কিউআর কোড ব্যবহার করে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের কাছ থেকে ডিজিটাল পেমেন্ট গ্রহণ করতে পারেন। ফলে নগদ লেনদেনের ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি ছোট ও মাঝারি ব্যবসায়ীদের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার আওতায় আনার সুযোগ তৈরি হয়েছে।

বাংলা কিউআর ব্যবস্থার ব্যবহার বাড়াতে এখন ব্যাংকগুলোকে আরও বেশি সংখ্যক মার্চেন্টকে এ প্ল্যাটফর্মে যুক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে জনতা ব্যাংকের কর্মকর্তাদের দুই দিন অফিস ও মাঠপর্যায়ে বিশেষ কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।