আন্তর্জাতিক বণিজ্যেপণ্য আমদানিতে দুর্নীতি বন্ধ না হলে হুন্ডি বন্ধ করা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, দেশের বাইরে অবৈধভাবে অর্জিত অর্থের বড় অংশ বিদেশেই থেকে যায়। সেই অর্থ পাচারের দুটি প্রধান মাধ্যম হলো ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে ওভার ইনভয়েসিং (আমদানি পণ্যে অতিরিক্ত দাম দেখানো) এবং হুন্ডি।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর বনানীতে গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত ‘ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম (আইআইপিএস) ইন বাংলাদেশ’ অ্যান্ড ক্রস-বর্ডার রেমিট্যান্স এজ এ ইউজ কেস’ শীর্ষক এক কর্মশালায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে তিনি পিআরআইয়ের সম্মানীয় ফেলো হিসেবে বক্তব্য রাখেন।
এতে সভাপতিত্ব করেন পিআরআই চেয়ারম্যান জাইদি সাত্তার। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মহাপরিচালক মো. এজাজুল ইসলাম। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিআরআইয়ের গবেষণা পরিচালক ড. বজলুল হক খন্দকার ও পরিচালক ড. এমএ রাজ্জাক।