ব্যঙ্গাত্মক গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক

নওগাঁ সদর উপজেলার নারচী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আর্জেন্টিনা ফুটবল দলকে নিয়ে ব্যঙ্গাত্মক গান গাওয়াকে কেন্দ্র করে ১৭ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। গত বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে বিদ্যালয়টির চতুর্থ শ্রেণির কক্ষে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক আব্দুস সালাম ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ঘটনার পর অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

অভিভাবক ও শিক্ষার্থীদের অভিযোগ, ঘটনার সময় শ্রেণিকক্ষে কোনো শিক্ষক উপস্থিত ছিলেন না। কয়েকজন শিক্ষার্থী ফুটবল নিয়ে একটি ব্যঙ্গাত্মক গান গাইছিল। গান শুনে সহকারী শিক্ষক আব্দুস সালাম শ্রেণিকক্ষে প্রবেশ করে ক্ষুব্ধ হন এবং একটি বৈদ্যুতিক তার দিয়ে উপস্থিত শিক্ষার্থীদের মারধর করেন। চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শামীমা আক্তার জানায়, শিক্ষক আব্দুস সালাম আর্জেন্টিনা দলের সমর্থক। দলকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে শিক্ষার্থীদের মারধর করেন।

স্থানীয় বাসিন্দা শরিফুল ইসলাম বলেন, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত, যাতে ভবিষ্যতে আর কোনো শিক্ষার্থী এমন নির্যাতনের শিকার না হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সহকারী শিক্ষক আব্দুস সালাম বলেন, শিক্ষার্থীদের মারধর করায় আমি আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী। অভিভাবক এবং বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে আলোচনা করে বিষয়টির সমাধানের চেষ্টা করব। এ বিষয়ে নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ছানাউল হাবিব বলেন, ‘লিখিত অভিযোগ পেলে তদন্ত করে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’