দেশের বাজারে কমল সোনার দাম

টানা ২ দফা বাড়ানোর পর দেশের বাজারে কমেছে তেজাবী স্বর্ণ ও রৌপ্যের (পিওর গোল্ড ও সিলভার) দাম। বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় সর্বসম্মতিক্রমে স্বর্ণ ও রুপার অলংকারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে, যা আজ শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টা থেকে কার্যকর করা হয়েছে। 

এবার ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)-এর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই নতুন নির্ধারিত মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। ফলে বিক্রয় মূল্যের বাইরে গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের ডিজাইন অনুযায়ী নির্ধারিত মজুরি প্রযোজ্য হবে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।