কিশোরদের সামাজিক মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আনতে যাচ্ছে ভিয়েতনাম

১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা, মন্তব্য করা কিংবা অন্যের পোস্টে প্রতিক্রিয়া জানানোর সুযোগ বন্ধ করতে নতুন আইন আনতে যাচ্ছে ভিয়েতনাম। রয়টার্সের দেখা এক খসড়া ডিক্রি অনুযায়ী, অপ্রাপ্তবয়স্কদের সামাজিক মাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে বৈশ্বিক উদ্যোগের অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

খসড়া আইনে বলা হয়েছে, ১৬ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট অবশ্যই বাবা-মা বা আইনগত অভিভাবকের তথ্য দিয়ে নিবন্ধন করতে হবে। অভিভাবকরাই সন্তানের দেখা কনটেন্ট এবং সামাজিক মাধ্যমে কাটানো সময় তদারকির দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া সামাজিক মাধ্যম পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে প্রযুক্তিগত উপায়ে শিশু ব্যবহারকারীদের শনাক্ত করতে হবে এবং তাদের বয়স উপযোগী কনটেন্ট নিশ্চিত করতে হবে। একই সঙ্গে শিশুদের অ্যাকাউন্টে সর্বোচ্চ মাত্রার গোপনীয়তা সুরক্ষা দিতে হবে এবং সহিংসতা, পর্নোগ্রাফি, জুয়া, মাদক, আত্মহত্যা ও অন্যান্য ক্ষতিকর কনটেন্ট শনাক্ত করে সতর্কতা ও প্রবেশাধিকার বন্ধের ব্যবস্থা নিতে হবে।

নতুন বিধিমালা নিয়ে আলোচনায় ভিয়েতনামের উপ-সংস্কৃতিমন্ত্রী ফান তাম বলেন, সরকারের উদ্দেশ্য শিশুদের সামাজিক মাধ্যম থেকে সম্পূর্ণ দূরে রাখা নয়; বরং তারা যেন নিরাপদ ও বয়স উপযোগী পরিবেশে এসব সেবা ব্যবহার করতে পারে, তা নিশ্চিত করা।

শুধু সামাজিক মাধ্যম নয়, অনলাইন গেমেও কড়াকড়ি আরোপের প্রস্তাব রাখা হয়েছে। খসড়া অনুযায়ী, গেম পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে ব্যবহারকারীর বয়স যাচাই করতে হবে এবং ১৬ বছরের কম বয়সীদের অ্যাকাউন্ট অভিভাবকের মাধ্যমে নিবন্ধন করতে হবে। একই প্রতিষ্ঠানের গেমে এসব ব্যবহারকারী দিনে সর্বোচ্চ ৬০ মিনিট খেলতে পারবে।

বিশ্বজুড়ে শিশুদের অনলাইন নিরাপত্তা ও সামাজিক মাধ্যমের মানসিক স্বাস্থ্যগত প্রভাব নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় ভিয়েতনাম এই উদ্যোগ নিয়েছে। সম্প্রতি ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার আইন অনুমোদিত হয়েছে। এর আগে অস্ট্রেলিয়াও একই ধরনের পদক্ষেপ নেয়।

তবে ভিয়েতনামের এই খসড়া ডিক্রি এখনো চূড়ান্ত হয়নি। সরকার আনুষ্ঠানিক অনুমোদনের আগে এতে পরিবর্তন আনতে পারে।