জব্দকৃত ইরানি সম্পদ ব্যবহারে ট্রাম্পকে সতর্ক করলেন আরাঘচি

হরমুজ প্রণালিতে সামরিক হামলায় জাহাজ ও পণ্যের সম্ভাব্য ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ হিসেবে জব্দ করা ইরানি সম্পদ ব্যবহারের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

শুক্রবার (২৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, 'ভবিষ্যতের অসংশ্লিষ্ট দাবির ক্ষতিপূরণে অন্য একটি দেশের সম্পদ জব্দ করা অত্যন্ত বিপজ্জনক নজির।'

আরাঘচি আরও বলেন, সরকারগুলো যদি এ ধরনের সম্পদ জব্দকে স্বাভাবিক প্রথায় পরিণত করে, তাহলে কোনো দেশের সম্পদই আর নিরাপদ থাকবে না। এর পরিণতিতে আন্তর্জাতিক অঙ্গনে বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা সৃষ্টি হবে বলেও তিনি সতর্ক করেন।

এর আগে বৃহস্পতিবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছিলেন, হরমুজ প্রণালিতে জাহাজ, পণ্য বা সংশ্লিষ্ট যেকোনো ক্ষয়ক্ষতির মূল্য যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা ইরানের অর্থ থেকেই পরিশোধ করা হবে। যদিও তিনি কোন তহবিলের কথা বলেছেন, তা স্পষ্ট করেননি। তবে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় ইরানের কয়েকশ কোটি ডলারের সম্পদ এখনো যুক্তরাষ্ট্রে জব্দ অবস্থায় রয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সামরিক হামলা ও পাল্টা হামলার জেরে দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। এই পরিস্থিতিতে ট্রাম্পের মন্তব্য এবং তার জবাবে তেহরানের কড়া প্রতিক্রিয়া নতুন করে কূটনৈতিক উত্তেজনা বাড়িয়েছে।