জাতিসংঘ মহাসচিবের উত্তরসূরি হতে লড়াইয়ে ছয় প্রার্থী

আপডেট : ২৪ জুলাই ২০২৬, ১২:২৮ পিএম

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের উত্তরসূরি হতে আনুষ্ঠানিকভাবে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) জাতিসংঘ সাধারণ পরিষদে আয়োজিত এক টেলিভিশন বিতর্কে তারা নিরাপত্তা পরিষদের অচলাবস্থা, আর্থিক সংকট এবং ক্রমবর্ধমান আন্তর্জাতিক সংঘাত মোকাবিলায় নিজেদের পরিকল্পনা তুলে ধরেন।

প্রার্থীরা হলেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক আর্জেন্টিনার রাফায়েল গ্রোসি, সেনেগালের সাবেক প্রেসিডেন্ট ম্যাকি সাল, কোস্টারিকার কূটনীতিক রেবেকা গ্রিনস্প্যান, জাতিসংঘে গায়ানার রাষ্ট্রদূত ক্যারোলিন রদ্রিগেজ বিরকেট, চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলেট এবং ইকুয়েডরের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের সাবেক সভাপতি মারিয়া ফার্নান্দা এস্পিনোসা।

এদিকে আনুষ্ঠানিক প্রার্থী না হলেও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সম্ভাব্য প্রার্থিতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইনফান্তিনোকে সমর্থন দিতে পারেন। তবে জাতিসংঘবিষয়ক বিশ্লেষক রিচার্ড গোয়ান বলেন, ইনফান্তিনোর নাম আগে থেকেই অনানুষ্ঠানিকভাবে আলোচনায় থাকলেও সেটি মূলত রসিকতার পর্যায়েই ছিল। তার মতে, ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে ইনফান্তিনোর নিরপেক্ষতা নিয়ে বিশেষ করে চীন ও রাশিয়া প্রশ্ন তুলতে পারে, যা তার সম্ভাবনাকে দুর্বল করবে।

গুতেরেসের উত্তরসূরি নির্বাচনের ক্ষেত্রে প্রথমে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ একজন প্রার্থীর নাম সুপারিশ করবে। পরিষদের পাঁচ স্থায়ী সদস্য—যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া ও ফ্রান্স—ভেটো প্রয়োগ করে যেকোনো প্রার্থিতা আটকে দিতে পারে। পরে সাধারণ পরিষদ সেই সুপারিশ অনুমোদন করবে।

পর্তুগালের নাগরিক আন্তোনিও গুতেরেস দুই মেয়াদের দায়িত্ব শেষে চলতি বছরের শেষ দিকে পদ ছাড়বেন। এ মাসের শেষ দিকে নিরাপত্তা পরিষদ উত্তরসূরি নির্বাচনের প্রথম অনানুষ্ঠানিক মতামত গ্রহণ প্রক্রিয়া শুরু করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত