বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তসংলগ্ন ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার বৈষ্ণবনগর বিএসএফ ক্যাম্পে এক বিএসএফ জওয়ানের গুলিতে তারই দুই সহকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে মালদার বিধাননগরে অবস্থিত বিএসএফের ১১৯ ও ৭১ নম্বর ব্যাটালিয়নের সদর দপ্তরে এ ঘটনা ঘটে।
বিএসএফ সূত্র জানায়, অভিযুক্ত জওয়ানের নাম শিবম মিশ্র। তিনি ভারতের ছত্তিশগড়ের বাসিন্দা। হঠাৎ তিনি সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই দুই জওয়ান নিহত হন এবং একজন গুরুতর আহত হন।
নিহতরা হলেন বিহারের ছাপড়া জেলার মানঝি এলাকার ৫১ বছর বয়সী অজয় কুমার সিং এবং মহারাষ্ট্রের গড়চিরোলি জেলার ৩৭ বছর বয়সী আম্বাদার সুরেশ দারগু।
আহত বিকাশ ব্রহ্ম (৪৪) পশ্চিমবঙ্গের হুগলি জেলার পোলবা থানার মোহান্দা গ্রামের বাসিন্দা। তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনজনই বিএসএফের ৭১ নম্বর ব্যাটালিয়নের সদস্য ছিলেন।
পুলিশ জানিয়েছে, নিহত দুই জওয়ানের মরদেহ ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তবে কী কারণে ওই জওয়ান সহকর্মীদের ওপর গুলি চালিয়েছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ ও বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন।
এদিকে বিএসএফ সূত্রের দাবি, প্রায় এক বছর আগে একই জওয়ান সহকর্মীদের ওপর গুলি চালানোর অভিযোগে বাহিনীর অভ্যন্তরীণ আইনে শাস্তি পেয়েছিলেন। কয়েক দিন আগে সেই শাস্তির মেয়াদ শেষ হয়। এরপর তাকে বাড়িতে পাঠানোর প্রস্তুতি চলছিল। এর মধ্যেই বৃহস্পতিবারের এই মর্মান্তিক ঘটনা ঘটে।