কুয়াকাটায় এক ইলিশ প্রায় ৭ হাজার টাকায় বিক্রি

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে ২ কেজি ১০০ গ্রাম ওজনের একটি বড় আকৃতির ইলিশ। মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিলামের মাধ্যমে মাছটি প্রতি মণ এক লাখ ৩০ হাজার টাকা দরে বিক্রি হয়েছে ৬ হাজার ৮২৫ টাকায়।

শুক্রবার (২৪ জুলাই) সকালে এফবি জারিফ-তারিফ নামের একটি ফিশিং ট্রলারের জেলে দেলোয়ার মাঝির জালে মাছটি ধরা পড়ে। পরে  মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের মেসার্স মনোয়ারা মৎস্য আড়তে আনা হলে স্থানীয় মৎস্য ব্যবসায়ী ফারুক হোসেন নিলামের মাধ্যমে মাছটি কিনে নেন।

ফারুক হোসেন জানান, মাছটি ঢাকায় পাঠানো হবে।

জেলে দেলোয়ার মাঝি বলেন, ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে সমুদ্রে মাছ ধরতে গিয়ে জালে এই বড় ইলিশটি ধরা পড়ে। তবে গত বছরের তুলনায় এ বছর বড় ইলিশের সংখ্যা কম। তারপরও এমন একটি মাছ পেয়ে আমরা খুবই আনন্দিত।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় আকারের ইলিশ ধরা পড়া জেলেদের জন্য অবশ্যই সুখবর। গভীর সমুদ্রের পাশাপাশি উপকূলীয় এলাকাতেও এখন বড় ইলিশ পাওয়া যাচ্ছে। ধীরে ধীরে ইলিশের উৎপাদন বাড়ছে। আশা করছি সামনের দিনগুলোতে আরও বেশি ইলিশ ধরা পড়বে।