সংবাদ ব্রিফিংয়ে আসছেন স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোরালো আলোচনা চলছে। এর মধ্যেই চিকিৎসা সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে বিকেল ৫টায় জরুরি সংবাদ ব্রিফিং ডেকেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বিষয়টি নিশ্চিত করেছে সংসদ সচিবালয়।

সংসদ সচিবালয়ের একটি সূত্র জানায়, কিছুক্ষনের মধ্যে সংসদ ভবনের শপথকক্ষে এ ব্রিফিং শুরু হবে।

আজ শুক্রবার (২৪ জুলাই) থাইল্যান্ডে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে নির্ধারিত সময়ের দুই দিন আগেই ঢাকায় ফেরেন স্পিকার। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে তাঁর কাছে কোনো আগাম তথ্য নেই।

তবে রাষ্ট্রপতি পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া কী হবে, তা তুলে ধরেন স্পিকার। তিনি বলেন, রাষ্ট্রপতির পদত্যাগপত্র স্পিকারের কাছেই জমা দেওয়া হবে। এরপর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। সংবিধান অনুযায়ী, ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে।

গত ১৯ জুলাই স্পিকার থাইল্যান্ডে যাওয়ার পর থেকেই রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগ নিয়ে আলোচনা শুরু হয়। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স তিনটি সূত্রের বরাতে জানিয়েছে, আজই রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারেন। এমন পরিস্থিতিতে স্পিকারের আগাম দেশে ফেরা ও জরুরি ব্রিফিংয়ের ঘোষণায় জল্পনা আরও বেড়েছে।

মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন। সংবিধান অনুযায়ী, তাঁর মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত।