কঠোর নজরদারির মধ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ফায়ারফাইটার পদের লিখিত পরীক্ষা নেয়া হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টায় ঢাকা ক্যান্টনমেন্টের জাহাঙ্গীর গেটে অবস্থিত বিএএফ শাহীন কলেজে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ও পরিচ্ছন্ন নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার লক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স লিখিত পরীক্ষার পূর্বে প্রবেশপথ এবং ভেতরের বিভিন্ন জায়গায় অনৈতিক কাজে জড়িত না হওয়ার সতর্কবার্তা সংবলিত ব্যানার টাঙানো হয়। মূল গেটের ভেতরে প্রবেশের পর মাঠ পরীক্ষার সময় তুলে রাখা প্রার্থীদের ছবির সাথে চেহারা মিলিয়ে তাদের হলে প্রবেশ করতে দেওয়া হয়।
এ সময় তাদের সাথে কোনো মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস না থাকার বিষয়টি নিশ্চিত করেন কেন্দ্রে দায়িত্বে থাকা ফায়ার সার্ভিসের সদসস্যরা। পরে কেন্দ্রে প্রবেশপত্র দেখে পরীক্ষার্থীদের পরিক্ষার হলরুমের ভেতরে প্রবেশ করানো হয়।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয় এবং কেন্দ্রীয়ভাবে পরীক্ষার প্রতিটি স্তরের কার্যক্রম মনিটরিং করা হয়। ক্লোজ সার্কিট ক্যামেরার পাশাপাশি ভিডিও ক্যামেরা ও স্টিল ক্যামেরার মাধ্যমে পরীক্ষা গ্রহণের স্থির ও চলমান চিত্র ধারণ করা হয়।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার দেশ রুপান্তরকে জানান, ফায়ারফাইটার (নারী/পুরুষ)- ১৬৫, নার্সিং অ্যাটেনডেন্ট- ২ , ড্রাইভার- ১৩,ইঞ্জিন ড্রাইভার- ১ পদগুলোর বিপরীতে প্রাথমিক বাছাইয়ের পর লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছিল ১৮৪২ জন। এর মধ্যে আজ লিখিত পরীক্ষায় ১৭৭৩ জন অংশ নেয়।
নিয়োগ কমিটির সভাপতি পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শহীদ আতাহার হোসেনসহ নিয়োগ কমিটির সদস্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পিএসসি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধির পাশাপাশি অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল,সশরীরে উপস্থিত থেকে পরীক্ষার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
এ সময় বিএএফ শাহীন কলেজের শিক্ষক-শিক্ষিকার পাশাপাশি প্রতিটি হলরুমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাদের ডিউটিতে নিয়োজিত রাখা হয়। পরীক্ষা গ্রহণের পর একই দিন খাতা মূল্যায়ন শেষে ভাইবা পরীক্ষার জন্য নির্বাচিতদের তালিকা ফায়ার সার্ভিসের অফিসিয়াল ওয়েব সাইট (fireservice.gov.bd) ও ফেসবুক পেইজে (https://www.facebook.com/fscd.bd) প্রকাশ করা হবে।
নিরাপত্তা কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার পিএসসি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ নিরাপত্তা সমুন্নত রাখার কাজে সহযোগিতা করেন।
স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ও পরিচ্ছন্ন নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছে এবং কোনো ধরনের অনৈতিক লেনদেনে জড়িত না হওয়ার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।