যন্তর মন্তরে চলমান আন্দোলনের জেরে শুক্রবার কেন্দ্রীয় সরকারের সঙ্গে ককরোচ জনতা পার্টির (সিজেপি) গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রের পক্ষ থেকে বৈঠকে অংশ নেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে.পি. নাড্ডা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। সিজেপির দাবি মেনে বৈঠকটি নিরপেক্ষ স্থান হিসেবে কনস্টিটিউশন ক্লাব অব ইন্ডিয়ায় অনুষ্ঠিত হয়।
বৈঠকের পর সিজেপি জানিয়ে দেয়, পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কঠোরতম ব্যবস্থা হিসেবে তারা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগই দাবি করছে। তারা জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর আইন আনার ঘোষণা দিলেও, শিক্ষামন্ত্রীর অপসারণ ছাড়া এই সংকটের যথাযথ সমাধান সম্ভব নয়। সিজেপির মতে, 'প্রধানের পদত্যাগের দাবি নিয়ে কোনও আপস হবে না।'
এদিকে, গত ২০ জুলাই সংসদ অভিযানের সময় নিরস্ত্র বিক্ষোভকারীদের বিরুদ্ধে র্যাপিড অ্যাকশন ফোর্স এর প্যালেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী জানিয়েছে, এ সংক্রান্ত সংবাদমাধ্যমের প্রতিবেদন তারা যাচাই করছে।
প্যালেট গান হলো ভিড় নিয়ন্ত্রণে ব্যবহৃত এক ধরনের কম প্রাণঘাতী অস্ত্র, যা থেকে একসঙ্গে বহু ক্ষুদ্র ধাতব বল (প্যালেট) ছোড়া হয়। তবে এসব প্যালেট শরীরের সংবেদনশীল অংশে আঘাত করলে গুরুতর জখম বা স্থায়ী অন্ধত্বের মতো ক্ষতি হতে পারে।
উল্লেখ্য, দিল্লিতে সাধারণ নাগরিকদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর প্যালেট গান ব্যবহারের এটি প্রথম ঘটনা হতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।
অন্যদিকে, আন্দোলনরত সমাজকর্মী সোনম ওয়াংচুক তাঁর অনির্দিষ্টকালের অনশন প্রত্যাহার করেছেন। সরকারের পক্ষ থেকে তার দাবিগুলি বিবেচনার আশ্বাস দেওয়ার পর তিনি এই সিদ্ধান্ত নেন। বৃহস্পতিবার গভীর রাতে গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে.পি. নাড্ডা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং তার সঙ্গে সাক্ষাৎ করে সরকারের আশ্বাসের কথা জানান। এরপরই ওয়াংচুক আনুষ্ঠানিকভাবে অনশন সমাপ্তির ঘোষণা দেন।
সূত্র: দ্য হিন্দু