দিল্লির যন্তর মন্তরে আবারও বন্ধ ইন্টারনেট

দিল্লির যন্তর মন্তর প্রতিবাদস্থল ও আশপাশের এলাকায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সময়সীমা আবার বাড়িয়েছে ভারত সরকার। শুক্রবার (২৪ জুলাই) নতুন নির্দেশে এই নিষেধাজ্ঞা মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়। টেলিকম সংস্থাগুলোকে প্রতিবাদস্থলের ১ দশমিক ৫ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মোবাইল ইন্টারনেট বন্ধ রাখতে বলা হয়েছে। গত পাঁচ দিনে ওই এলাকায় এটি ষষ্ঠবারের মতো এমন নির্দেশ জারি হলো।

এদিকে, জন্তর মন্তর এলাকায় ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে করা এক আবেদনের জরুরি শুনানি হবে বলে শুক্রবার জানিয়েছে দিল্লি হাইকোর্ট।

প্রথমবার ২০ জুলাই এ নির্দেশ জারি করা হয়। তখন এয়ারটেল, রিলায়েন্স জিও ও ভোডাফোন আইডিয়াসহ টেলিকম অপারেটরগুলোকে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোবাইল ইন্টারনেট বন্ধ রাখতে বলা হয়েছিল।

এরপর ২২ জুলাই দ্বিতীয় নির্দেশে সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত ইন্টারনেট বন্ধ রাখা হয়।

বৃহস্পতিবার তৃতীয় নির্দেশে সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত পরিষেবা স্থগিত রাখা হয়। পরে একই দিন চতুর্থ নির্দেশে সময় বাড়িয়ে রাত ১২টা পর্যন্ত করা হয় বলে টেলিকম খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।

শুক্রবার সকালে সরকার প্রথমে দুপুর ১২টা পর্যন্ত ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশ দেয়। পরে ষষ্ঠ নির্দেশে সময় বাড়িয়ে মধ্যরাত পর্যন্ত করা হয়।

নিষেধাজ্ঞার আওতায় থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে জনপথ মার্কেট, লে মেরিডিয়ান হোটেল, শাংগ্রি-লা হোটেল, ন্যাশনাল মিডিয়া সেন্টার এবং ইন্ডিয়ান উইমেন্স প্রেস কর্পসের কার্যালয়সহ কনট প্লেসসংলগ্ন কয়েকটি এলাকা।

বারবার মোবাইল ইন্টারনেট বন্ধ থাকায় অনেক প্রতিবাদকারী বিকল্প যোগাযোগব্যবস্থা ব্যবহার করছেন। তাঁদের কেউ কেউ Bitchat Mesh-এর মতো ব্লুটুথভিত্তিক অ্যাপ ব্যবহার করছেন, যা ইন্টারনেট ছাড়াই কাছাকাছি থাকা ব্যবহারকারীদের মধ্যে বার্তা আদান-প্রদানের সুযোগ দেয়।

তবে ইন্টারনেট বন্ধ থাকলেও প্রতিবাদের কার্যক্রমে বড় ধরনের প্রভাব পড়েনি। স্বেচ্ছাসেবকেরা মাঠপর্যায়ে পানীয় জল, খাবার ও ওষুধ সরবরাহ করছেন। তীব্র গরম ও আর্দ্রতার মধ্যে অনেকে হাতপাখা দিয়ে প্রতিবাদকারীদের স্বস্তি দেওয়ার চেষ্টা করছেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস