‘সিরিয়াল কিসার’খ্যাত অভিনেতা ইমরান হাশমির সঙ্গে কাজ করতে চান না বলিউডের অনেক নায়িকাই। তবে ভারতীয় এই তারকার দারুণ ভক্ত বাংলাদেশের টিভি অভিনেত্রী তাসনুভা তিশা। তার অনেক ইচ্ছা প্রিয় তারকার বিপরীতে অভিনয় করার।
একটি সেলিব্রিটি শো’তে অতিথি হয়ে এসে এমন ইচ্ছার কথা জানালেন তিশা। অনুষ্ঠানে ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের নানা অজানা গল্প অকপটে শেয়ার করেন তিনি। উপস্থাপক যখন জানতে চান, বলিউডের কোন নায়কের বিপরীতে কাজ করার স্বপ্ন দেখেন? উত্তরে তিশা বিন্দুমাত্র দ্বিধা না করে বলেন, ‘ইমরান হাশমির সঙ্গে কাজ করতে চাই। অভিনয়ে যে আবেগ ও প্যাশন উনি আনেন, তা সত্যি দারুণ। পর্দায় রোমান্স এত সুন্দরভাবে অনেকেই ফুটিয়ে তুলতে পারেন না। তাকে খুব সাবলীল দেখায় এবং মনে হয় সবকিছু যেন বাস্তবেই ঘটছে।’
অনুষ্ঠানে তিশা আরও জানান, ছোটবেলায় তার ইচ্ছা ছিল বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার। তবে তার সেই স্বপ্নের কথা শুনে বাবা প্রায়ই রসিকতা করতেন। তিশা তখন ছিলেন খুব ছিপছিপে বা হালকা ওজনের। হেসে বাবা বলতেন, ‘আর্মির ভারী বন্দুক তো তুমি উঁচুই করতে পারবে না!’