রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০২:৫৫ পিএম

ইউক্রেনের উত্তরাঞ্চলে সুমি শহরে রাশিয়ার ড্রোন হামলায় দুইজন মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) শহরের সামরিক প্রশাসনের প্রধান এ তথ্য নিশ্চিত করেন।

শহরের সামরিক প্রশাসনের প্রধান সের্গেই ক্রিভোশেইনকো বলেন, একটি ডাকঘরে ড্রোন হামলায় দুইজন মারা যান। নিহত একজন ৪৯ বছর বয়সী পুরুষ। অপর ব্যক্তির পরিচয় শনাক্তের কাজ চলছে। খবর: এএফপি

ইউক্রেনের দক্ষিণাঞ্চল জাপোরিঝঝিয়ার সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেদোরভ জানান শত্রুপক্ষের হামলায় এক ব্যক্তি আহত হয়েছেন।

কিয়েভ অঞ্চলে সামরিক সরঞ্জাম প্রদর্শনীতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার একদিন পর এসব হামলা হলো। ওই হামলায় অন্তত ১০ জন নিহত এবং প্রায় ১০০ জন আহত হয়েছিলেন।

এদিকে রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেন সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, বেলগোরোদ শহরে ‘শত্রুপক্ষ বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে।

তিনি বলেন, ওই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। হামলায় রাস্তায় ক্ষয়ক্ষতি ও আগুনের ঘটনা ঘটেছে, যা দমকলকর্মীরা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত