বার্নাব্যুতে কি ফের দেখা যাবে রোনালদোকে?

গ্যালারির সমুদ্রসম উন্মাদনা আর সাদা জার্সির সোনালী ইতিহাস, সব মিলিয়ে সান্তিয়াগো বার্নাব্যুর সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনালদোর নামটা সমার্থক। লস ব্লাঙ্কোসদের পাট চুকিয়ে আট বছর কেটে গেলেও ক্লাবটির সমর্থকদের মনে তার জায়গা আজও অক্ষুণ্ণ।

আর ঠিক এই আবেগকেই উসকে দিয়ে স্পেনের প্রভাবশালী ক্রীড়া দৈনিক ‘এস’-এর বিখ্যাত সাংবাদিক টমাস রনসেরো রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের প্রতি এক অভিনব আহ্বান জানিয়েছেন। তার দাবি, রিয়াল মাদ্রিদের ইতিহাস গড়া এই কিংবদন্তিকে অন্তত একবারের জন্য হলেও যেন ঘরের মাঠে ফিরিয়ে আনা হয়।

২০১৮ সালে জুভেন্টাসে যোগ দিয়ে স্প্যানিশ রাজধানী ছেড়েছিলেন সিআরসেভেন। এরপর ইতালির পাঠ চুকিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে জড়ানো এবং পরবর্তীতে সৌদি আরবের আল-নাসরে থিতু হওয়া, সব মিলিয়ে সময়ের স্রোতে বদলে গেছে অনেক কিছু।

তবে রনসেরোর পরিকল্পনাটি অবশ্য বেশ সুনির্দিষ্ট; নতুন মৌসুমের পর্দা ওঠার আগে আল-নাসরের বিপক্ষে একটি প্রীতি ম্যাচের আয়োজন করা হোক। ঐতিহ্যবাহী সান্তিয়াগো বার্নাব্যু ট্রফির স্থগিত থাকা ৪০তম আসরটিকে উপলক্ষ বানিয়ে সেই ম্যাচে রোনালদোকে মাঠে নামানোর প্রস্তাব দিয়েছেন তিনি। ১৯৭৯ সাল থেকে শুরু হওয়া এই আইকনিক টুর্নামেন্টটি ২০১৮ সাল থেকে বন্ধ রয়েছে, যা রোনালদোর বিদায়ের সঙ্গেই মিলে যায়।

আগামী মৌসুমেই আল-নাসরের সঙ্গে পর্তুগিজ ফরোয়ার্ডের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে, যা তার ক্যারিয়ারের শেষ অধ্যায় নিয়ে জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে। রিয়াল মাদ্রিদের হয়ে নয় বছরের সোনালী সময়ে ৪৫০ গোল করে ক্লাব ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নিয়েছিলেন তিনি। প্রিয় শিষ্যের পায়ে গড়া সেই রেকর্ডের সুবাসমাখা মাঠটিতে বার্ধক্যের চাদরে মোড়া ক্যারিয়ারের শেষ মুহূর্তে রোনালদোকে একবারের জন্য হলেও রয়্যাল হোয়াইট জার্সিতে দেখতে চাওয়ার এই আকুতি এখন মাদ্রিদের ক্রীড়াঙ্গনের সবচেয়ে উষ্ণ চর্চা।