কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরও নিজেদের বাকি দুই দাবিতে অনড় থাকার কথা জানিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) সভাপতি অভিজিৎ দীপকে।
শনিবার (২৫ জুলাই) শিক্ষামন্ত্রীর পদত্যাগের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমাদের আরও দুটি দাবি রয়েছে।’
নিট প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থায় অনিয়মের অভিযোগে দেশজুড়ে চলমান আন্দোলনের মুখে শনিবার বিকেলে পদত্যাগ করেন ধর্মেন্দ্র প্রধান। তবে তাঁর পদত্যাগেই আন্দোলন শেষ হচ্ছে না বলে স্পষ্ট করেন অভিজিৎ দীপকে।
তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের প্রত্যেক পরিবারের জন্য ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি, ২০ জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করা পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
অভিজিৎ দীপকে আরও বলেন, ২০ জুলাই এবং এর পর থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
তিনি জানান, শিক্ষামন্ত্রীর পদত্যাগ হলেও ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ক্ষতিপূরণ, দায়ী পুলিশ সদস্যদের শাস্তি এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।