বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী ভারত: রণধীর জয়সওয়াল

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০৫:০১ পিএম

ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে নতুন দুই প্রেস কর্মকর্তা নিয়োগ নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেও ইতিবাচক অবস্থান নিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে তারা নতুন কর্মকর্তাদের সঙ্গে কাজ করতে প্রস্তুত। তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পুরোনো সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট নিয়ে কোনো মন্তব্য করেনি দিল্লি।

শুক্রবার (২৪ জুলাই) নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানান।

সম্প্রতি নয়াদিল্লি হাইকমিশন ও কলকাতা উপ-হাইকমিশনের সংবাদ ও গণমাধ্যম শাখায় প্রেস কর্মকর্তা হিসেবে দুই সাংবাদিককে নিয়োগ দেওয়া হয়। তাদের অতীতের কিছু সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট নিয়ে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে সমালোচনা হয়। প্রতিবেদনে দাবি করা হয়, ওই পোস্টগুলোতে ভারতবিরোধী অবস্থান প্রকাশ পেয়েছিল। নিয়োগের খবর প্রকাশের পর সংশ্লিষ্ট কর্মকর্তাদের কয়েকটি পুরোনো পোস্টও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে ফেলা হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়।

এ বিষয়ে প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, দুই কর্মকর্তার নিয়োগ সম্পর্কে আমরা অবগত। বাংলাদেশ ও ভারতের বিদ্যমান সহযোগিতামূলক সম্পর্ক আরও এগিয়ে নিতে নতুন কর্মকর্তাদের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি।

ব্রিফিংয়ে আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে-এমন গুঞ্জন নিয়েও প্রশ্ন করা হয়। জবাবে জয়সওয়াল বলেন, এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করা হবে না। যথাসময়ে বিস্তারিত জানানো হবে।

এ ছাড়া, ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সার্জিও গোর সম্ভাব্য ঢাকা সফর সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত