যবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ হিসেবে যোগ দিলেন ড. মোহাম্মদ ফারুক হাসান

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নতুন কোষাধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন। শনিবার (২৫ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে যোগদানপত্রে স্বাক্ষরের মাধ্যমে তিনি তার দায়িত্ব নেন।

যোগদানের পর যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবির ও উপউপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ফুল দিয়ে নতুন কোষাধ্যক্ষকে শুভেচ্ছা জানান। এ সময় বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিন, বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৩ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এ পদে নিয়োগের তথ্য জানানো হয়।

যোগদানের আনুষ্ঠানিকতা শেষে শনিবার সকাল ১১টায় যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামফলিত বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এসময় মরহুমার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এরপর তিনি ১৯৫২ থেকে ২০২৪ সালের সকল বীর শহীদদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বিশ্ববিদ্যালয়ে একটি নিম গাছের চারা রোপণ করেন।

দায়িত্ব নেওয়ার পর যবিপ্রবিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, আমি এখানে যোগদানের পর যবিপ্রবি পরিবার যেভাবে আমাকে স্বাগত জানিয়েছে, তাতে আমি কৃতজ্ঞ। সরকার আমাকে যে উদ্দেশ্য নিয়ে এখানে পাঠিয়েছে, তা সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে আমি নিরলসভাবে কাজ করে যাব। এ বিশ্ববিদ্যালয়ের যেকোনো ভালো কাজের ক্ষেত্রে আপনারা আমাকে সবসময় পাশে পাবেন।

অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান ২০০৩ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অনুষদের অধীনে স্নাতক এবং ২০০৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে কৃষি সম্প্রসারণ শিক্ষা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি ২০০৫ সালের ১৫ মে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। তিনি ২০১২ সালে জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক পলিসির ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি দেশি-বিদেশি স্বনামধন্য জার্নালে উল্লেখযোগ্য সংখ্যক গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বও সফলতার সাথে পালন করেছেন।

সূত্র: বাংলাদেশ বার্তা সংস্থা (বাসস)