যবিপ্রবির স্নাতক বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৭:৪৩ পিএম

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেসিয়ামে ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্যে উপাচার্য বলেন, তোমরা এই বিশ্ববিদ্যালয়ে অনেক স্বপ্ন নিয়ে এসেছো। তোমরা বাবা-মার নাম উজ্জ্বল করবা, দেশ ও জাতির জন্য কাজ করবা। একইভাবে তোমাদের বাবা-মা’রও একটা স্বপ্ন আছে, তুমি যখন বিশ্ববিদ্যালয় থেকে বের হবে, তুমি একটা পরিপূর্ণ মানুষ হিসেবে বের হবে। আমাদের দায়িত্ব হলো তোমাদেরকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা। কিন্তু সেই পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে আমাদের দায়িত্ব পালন করার সঙ্গে সঙ্গে তোমাদেরও দায়িত্ব আমাদের সহযোগিতা করা। আমার বিশ্বাস তোমরা যারা নতুন এসছো, তোমাদেরকে সঠিক মানুষ হিসেবে গড়ে তোলার জন্য তোমরা আমাদেরকে সহযোগিতা করবে।       

ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রাফিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান, বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ইমরান খান, যবিপ্রবির ডিন অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান, অধ্যাপক ড. মোহম্মদ মাহফুজুর রহমান, অধ্যাপক ড. হাফিজ উদ্দীন, ড. মোহাম্মদ কামাল হোসেন, ড. মরিয়ূম জামিলা, অধ্যাপক ড. নাসিম রেজা,  অধ্যাপক ড. জিয়াউল আমিন, রেজিস্ট্রার কাজী জালাল উদ্দীন, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুর রউফ সরকার, প্রক্টর ড. হামিদুর রহমান, নবীন শিক্ষার্থী ফারজানা আক্তার জুইসহ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত