দৌলতপুরে বিএনপির নেতাকর্মীদের সাথে জিন্নাহ কবীর এমপির মতবিনিময়

মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য  এস এ জিন্নাহ কবীর বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর উন্নয়নের ধারা শুরু হয়েছে।

আগামীতে এলাকার উন্নয়নকে গতিশীল করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গত চার মাসে বেশ কিছু রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট,স্কুল, কলেজ, হাসপাতাল, নদী ভাঙ্গন রোধে উদ্যোগ নেয়া হয়েছে। আগামীতে আরও  কিভাবে এলাকার সার্বিক উন্নয়ন করা যায় সে উদ্যোগ নেয়া হবে।

তিনি বলেন, দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করতে  হবে, বিগত দিনে নিযাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে, আগামীতে দলকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করতে তৃণমূল থেকে শুরু করে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা পর্যায়ে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন হবে। শক্তিশালী করতে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক মহাপরিকল্পনা গ্রহণ করা হবে।

শনিবার (২৫ জুলাই)  সন্ধ্যায়  মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে   দৌলতপুর পাইলট বালিকা উচ্চ বিদালয়ে প্রধান অতিথির বক্তব্যে মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর উপরোক্ত কথাগুলো বলেছেন।

দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীরের সহধর্মিণী মিসেস শায়লা কবীর।

সভায় আরও উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও  উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. লোকমান হোসেন, যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক  আনিসুর রহমান, সাবেক সহসভাপতি আবদুল মতিন মাস্টার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো : ফেরদৌস রহমান, ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক  সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নোমানী, কৃষক দলের ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল কাদের সিদ্দিকী, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সালাউদ্দিন সেলিম, সদস্য  সচিব আব্দুস ছালাম,যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার রবিজ্জল হোসাইন, উপজেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক মো. কামরল হাসান, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. রাজিব হোসেন প্রমুখ।

এছাড়া মতবিনিময় সভায় উপজেলা বিএনপি এবং  অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।