সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম)।
শনিবার বিকেলে সিলেটে ১১ দলীয় জোটের বিভাগীয় মহাসমাবেশে সভাপতির বক্তব্যে তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর বিচার হওয়া উচিত। তিনি বলেন, এ বিচার ঢাকা কেন্দ্রীয় কারাগারে নয়, সোহরাওয়ার্দী উদ্যানে হওয়া উচিত।
বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে সিলেটের জামাতা উল্লেখ করে অলি আহমদ বলেন, তিনি এমন একটি বাংলাদেশ চান, যেখানে জবাবদিহি, ন্যায়বিচার এবং সুশাসন প্রতিষ্ঠিত হবে। তাঁর ভাষ্য, দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ হলে তা সম্ভব।
তারেক রহমানের উদ্দেশে তিনি বলেন, প্রধানমন্ত্রী হিসেবে দল নয়, দেশের মানুষের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক পদক্ষেপের প্রসঙ্গ টেনে তিনি দালাল ও চাটুকারদের পরামর্শের পরিবর্তে বিবেকের নির্দেশনা অনুসরণ করে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
অলি আহমদ বলেন, একই ব্যক্তি যেন একসঙ্গে প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধানের দায়িত্ব পালন না করেন-এমন প্রস্তাব ১১ দলীয় জোট দিয়েছিল। তবে তা গৃহীত হয়নি বলেও তিনি উল্লেখ করেন।
সমাবেশে জামায়াতে ইসলামীর সাংগঠনিক শৃঙ্খলার প্রশংসা করে এলডিপি সভাপতি বলেন, ১৯৭৫ সালের পর থেকে তিনি দলটির কার্যক্রম পর্যবেক্ষণ করছেন। তাঁর দাবি, দলটির শৃঙ্খলা ও অভ্যন্তরীণ ঐক্য উল্লেখযোগ্য।