মিরসরাই উপজেলায় কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘মিরসরাই প্রেস ক্লাব’ এর সাধারণ সভা ও দ্বি-বার্ষিক সম্মেলন আগামী ২২ আগস্ট অনুষ্ঠিত হবে।
শনিবার (২৫ জুলাই) ক্লাবের আহ্বায়ক কমিটির মাসিক সভায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
প্রেস ক্লাবের আহ্বায়ক এনায়েত হোসেন মিঠুর সভাপতিত্বে আহ্বায়ক কমিটির সদস্য মুহাম্মদ দিদারুল আলম ভূঁইয়ার সঞ্চালনায় মাসিক সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন— ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মো. অজি উল্যাহ, কামাল উদ্দিন বিটু, মীর হোসেন, সাধারণ সদস্য এম মাঈন উদ্দিন, এম আনোয়ার হোসেন, আবু সাঈদ ভূঁইয়া, মোহাম্মদ ইউসুফ, মো. আশরাফ উদ্দিন, আজিজ আজহার, সৈয়দ আজমল হোসেন, ফিরোজ মাহমুদ, ইকবাল হোসেন জীবন, সাফায়েত মেহেদী, জাবেদুল ইসলাম, শিহাব উদ্দিন সিদ্দীক, আকতার হোসেন।
সভায় ক্লাবের আহ্বায়ক এনায়েত হোসেন মিঠু সাধারণ সভা ও ২০২৬–২০২৮ সালের দ্বি-বার্ষিক সম্মেলনের তফসিল ঘোষণা করেন। ক্লাবের সদস্যদের প্রত্যেক্ষ ভোটে দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৫ থেকে ৮ আগস্ট পর্যন্ত প্রেস ক্লাব কার্যালয়ে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। ১০ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন। ১১ আগস্ট সকাল ১১টায় চূড়ান্ত মনোনয়নপ্রাপ্তদের নাম ও পদের তালিকা প্রকাশ করা হবে। ১১ আগস্ট আপিল ও ১২ আগস্ট আপিল শুনানি অনুষ্ঠিত হবে। ১২ আগস্ট দুপুর ১২টার মধ্যে প্রার্থীতা প্রতাহার ও দুপুর সাড়ে ১২টায় প্রতীক বরাদ্দ এবং বেলা ১টায় প্রচারণা শুরু করা যাবে। আগামী ২২ আগস্ট, শনিবার, সকাল ১০টায় উপজেলার মহামায়া ইকোপার্কে অবস্থিত হান্ডি রেস্টুরেন্টে দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
আহ্বায়ক এনায়েত হোসেন মিঠু বলেন, মিরসরাই প্রেস ক্লাব ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিকদের সংগঠন। প্রেস ক্লাবের সদস্যরা বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমে প্রতিনিয়ত মিরসরাই উপজেলার নানান অসঙ্গতি ও উন্নয়ন-সম্ভাবনার খবর তুলে ধরছেন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় দুই বছর পরপর ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় আগামী ২২ আগস্ট ২০২৬–২০২৮ সালের দ্বি-বার্ষিক সম্মেলনে ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের বিজয়ী করার জন্য ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী আহবায়ক কমিটি নির্বাচন কমিশনার নামে পরিবর্তিত হয়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবেন। এছাড়া চূড়ান্ত মনোনীত প্রার্থীরা অনলাইন-অফলাইনে প্রচারণা করতে পারবেন। তবে অফলাইনে পোষ্টার লিফলেট অথবা ব্যানার টাঙিয়ে প্রচারণা চালানো যাবে না।