চট্টগ্রামের মিরসরাই উপজেলায় সেতু প্রাথমিক শিক্ষা সমাপনী মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬৩৩ জন শিক্ষার্থী।
শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে ১১টা ও দুপুর সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত উপজেলার দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মায়ানি, হাইতকান্দি, ওয়াহেদপুর ও সাহেরখালি ইউনিয়নের ৫০টি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ, পঞ্চম শ্রেণীর এসব শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সেতু’র উদোগে তৃতীয় বারের মতো আয়োজিত এই বৃত্তি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন হলি নার্সিং কলেজের অধ্যক্ষ ছবি বড়ুয়া, পরীক্ষা নিয়ন্ত্রক তরুণ কান্তি বড়ুয়া, বৃত্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক স্বর্ণকমল বড়ুয়া, যুগ্ম আহবায়ক লায়ন তমাল কান্তি বড়ুয়া, সদস্য ইঞ্জিনিয়ার নিলয় বড়ুয়া, সেতু’র সভাপতি সৈকত বড়ুয়া ও সাধারণ সম্পাদক অভিজিত বড়ুয়াসহ শিক্ষক নেতৃবৃন্দ।
বৃত্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্য সচিব শিক্ষক রিগান বড়ুয়া জানান, প্রতিযোগিতামূলক এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি ও শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভবিষ্যতে এই ধারা অব্যাহত রেখে কর্মপরিধি আরও বিস্তৃত করা হবে। আগামী ১০ ডিসেম্বর বৃহস্পতিবার পরীক্ষার ফল ঘোষণা করা হবে।