সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫, আহত ৩০

সিরিয়ার পূর্বাঞ্চল থেকে রাজধানী দামেস্কগামী মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত এবং আরও ৩০ জন আহত হয়েছেন।

শনিবার (২৫ জুলাই) দেশটির দেইর আজ-জোর–দামেস্ক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত একটি বাসে ইন্টারনাল সিকিউরিটি ফোর্সের সদস্যরা ছিলেন। অপর বাসটি বেসামরিক যাত্রী বহন করছিল। সংঘর্ষের পরপরই ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পাঠানো হয় এবং উদ্ধার কার্যক্রম শুরু হয়।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানায়, আহতদের দ্রুত চিকিৎসার জন্য কয়েকটি হেলিকপ্টারও ঘটনাস্থলে পাঠানো হয়। পরে গুরুতর আহতদের হোমস সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়।

দুর্ঘটনাটি আল-সুখনাহ ও প্রাচীন নগরী পালমিরার মধ্যবর্তী এলাকায় ঘটে। দেইর আজ-জোর–দামেস্ক মহাসড়কটি ৪০০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ এবং পূর্বাঞ্চলকে রাজধানীর সঙ্গে সংযুক্ত করার অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক।

দীর্ঘ প্রায় ১৪ বছরের গৃহযুদ্ধের কারণে সিরিয়ার বেসামরিক অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে দেশটির বহু সড়কে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত দুর্বল, যা প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়।

উল্লেখ্য, গত অক্টোবরে দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরি প্রতিক্রিয়া বিষয়ক মন্ত্রী রায়েদ আল-সালেহ জানিয়েছিলেন, বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত সিরিয়ায় ২ হাজারের বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে। তিনি জানান, দেশটিতে মৃত্যুর অন্যতম প্রধান কারণ হয়ে উঠেছে সড়ক দুর্ঘটনা।

সূত্র: আল জাজিরা