আইপ্যাডে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধা নিয়ে এসেছে মেটা। এবার থেকে আইপ্যাডেই স্বতন্ত্রভাবে নতুন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালু করা যাবে। এজন্য অ্যাকাউন্টটিকে আর স্মার্টফোনের সঙ্গে ‘কম্প্যানিয়ন ডিভাইস’ হিসেবে যুক্ত রাখার প্রয়োজন হবে না। ফলে আইপ্যাড ব্যবহারকারীরা আরও সহজে এবং স্বাধীনভাবে অ্যাপটি ব্যবহার করতে পারবেন।

নতুন ব্যবস্থায় নিবন্ধনের সময় শুধু একবারের জন্য ওটিপি গ্রহণে ফোন নম্বর ব্যবহার করতে হবে। এরপর ব্যবহারকারী ইউজারনেইমের মাধ্যমে অ্যাকাউন্ট পরিচালনা করতে পারবেন। এতে ব্যক্তিগত ফোন নম্বর প্রকাশ না করেও অন্যদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হবে, যা ব্যবহারকারীদের গোপনীয়তা আরও জোরদার করবে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরেই টেলিগ্রামের মতো প্রতিদ্বন্দ্বী অ্যাপগুলো বিভিন্ন ডিভাইসে স্বতন্ত্রভাবে অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ দিয়ে আসছে। সেই তুলনায় হোয়াটসঅ্যাপ এ ক্ষেত্রে পিছিয়ে ছিল। নতুন এই পরিবর্তনের মাধ্যমে আইপ্যাড ব্যবহারকারীদের দীর্ঘদিনের একটি সীমাবদ্ধতা দূর হলো।

এদিকে হোয়াটসঅ্যাপে আরও কিছু নতুন ফিচার যুক্ত হয়েছে। অ্যান্ড্রয়েড অটো ও অ্যাপল কারপ্লে ব্যবহারকারীরা এখন গাড়ির ডিসপ্লে থেকেই কল হিস্ট্রি, প্রিয় কন্টাক্ট, চ্যাট তালিকা এবং অপঠিত বার্তা দেখতে পারবেন। পাশাপাশি অ্যাডোবি অ্যাক্রোব্যাট ইন্টিগ্রেশনের মাধ্যমে অ্যাপের ভেতরেই পিডিএফ ফাইল খোলা ও সম্পাদনার সুযোগ মিলবে। এ ছাড়া অ্যাপল মিউজিক বা স্পটিফাইয়ের পছন্দের গান সরাসরি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে যুক্ত করার সুবিধাও চালু হয়েছে। এসব পরিবর্তনের মাধ্যমে ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও আধুনিক ও সুবিধাজনক করে তুলতে চায় মেটা।