বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত সর্বজনীন কিউআর কোডভিত্তিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ‘বাংলা কিউআর (Bangla QR)’ নিয়ে গ্রাহক ও সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়ানো এবং ক্যাশলেস লেনদেন প্রসারের লক্ষ্যে একটি জনসচেতনতামূলক প্রচারণা কর্মসূচির আয়োজন করেছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি।
দেশব্যাপী চলমান এই প্রচারণার অংশ হিসেবে শনিবার (২৫ জুলাই) রাজধানী ঢাকার হাতিরপুল, এলিফ্যান্ট রোড, সাইন্সল্যাব, নিউ মার্কেট, আসাদগেট, মোহাম্মদপুর, আদাবর, ধানমন্ডি, শ্যামলী, মিরপুর ও পল্লবী এলাকায় লিফলেট বিতরণসহ সর্বসাধারণের মাঝে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
কর্মসূচিতে সশরীরে উপস্থিত থেকে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম মন্তব্য করেন, “বাংলা কিউআর দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় একটি যুগান্তকারী উদ্যোগ। একটিমাত্র কিউআর কোডের মাধ্যমে সহজে ও নিরাপদে অর্থ পরিশোধ করা যায়। এর ফলে নগদ অর্থ বহনের প্রয়োজনীয়তা কমে, লেনদেনের স্বচ্ছতা ও নিরাপত্তা বৃদ্ধি পায়। ‘বাংলা কিউআর’-এর ব্যবহার যত বাড়বে, ক্যাশলেস লেনদেন তত সম্প্রসারিত হবে। এ বিষয়ে গ্রাহকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ডিজিটাল আর্থিক সেবার প্রসারে রূপালী ব্যাংক ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।”
এই বিশেষ প্রচারণায় আরও অংশ নেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর, মহাব্যবস্থাপক শেখ মুনজুর করিম ও তানভীর হাসনাইন মইন এবং চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মো. অহিদুল ইসলাম সরকারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ বিভাগীয় কার্যালয়, ঢাকা সেন্ট্রাল জোনাল অফিস এবং ধানমন্ডি কর্পোরেটসহ হাতিরপুল, এলিফ্যান্ট রোড, সাইন্সল্যাবরেটরী, ঢাকা লেডিস, নিউ মার্কেট, আসাদগেট, মোহাম্মদপুর, আদাবর, শ্যামলী, মিরপুর ও পল্লবী শাখার ব্যবস্থাপক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে যুক্ত ছিলেন।
আয়োজিত এ কর্মসূচির অধীনে স্থানীয় দোকানদার, সাধারণ ক্রেতা ও পথচারীদের হাতে ‘বাংলা কিউআর’-এর বিভিন্ন সুবিধা, এটি ব্যবহারের সঠিক পদ্ধতি ও প্রয়োজনীয়তা সম্বলিত লিফলেট তুলে দেওয়া হয়। একইসাথে ডিজিটাল পেমেন্ট পদ্ধতির নানা বিষয় সম্পর্কেও তাদের বিস্তারিত ধারণা দেওয়া হয়।
ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা, ক্যাশলেস লেনদেনের পরিধি বাড়ানো এবং ‘বাংলা কিউআর’-এর প্রয়োগ বৃদ্ধি করতে রূপালী ব্যাংক ভবিষ্যতে ও নিয়মিতভাবে এ ধরনের প্রচারণামূলক কাজ চালিয়ে যাবে।