নেত্রকোনা

ঘরে ঢুকেই ছেলের গলাকাটা মরদেহ পেলেন মা

নেত্রকোনায় নিজ বসতঘরে মাসুল ওরফে মাহফুল (৩৫) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২৬ জুলাই) সদর উপজেলার কালীয়ারা গাবরাগাতী ইউনিয়নের দুআনী দুধকুড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত মাহফুল সদর উপজেলার দুআনী দুধকুড়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাতে খাবার খেয়ে মাহফুল নিজ ঘরে ঘুমাতে যায়। রবিবার সকালে তার মা ঘুম থেকে উঠে মাহফুলের ঘরের দরজা খোলা দেখে ভেতরে ঢুকে টর্চের আলো ফেলতেই ছেলের গলা কাটা রক্তাক্ত মরদেহ দেখে চিৎকার দেন। পরে স্থানীয়রা ছুটে এসে পুলিশকে খবর দিলে নেত্রকোনা মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, প্রতিবেশীর সঙ্গে দীর্ঘদিন ধরে চলা জমিসংক্রান্ত বিরোধের জেরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। 

নেত্রকোনা মডেল থানার ওসি আবুল খায়ের বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডের আলামত সংগ্রহ করেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।