মৌলভীবাজারের জুড়ী-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের হাতলিয়া এলাকায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আলী হোসেন (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
রবিবার (২৬ জুলাই) দুপুরে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের হাতলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলী হোসেন জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল গ্রামের হাজী সোয়াব উদ্দিনের ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে হাতলিয়া এলাকায় জুড়ী থেকে বড়লেখাগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। সংঘর্ষে অটোরিকশার চার যাত্রী গুরুতর আহত হন।
দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয়রা আহতদের উদ্ধার করেন। পরে তাদের জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আলী হোসেনকে মৃত ঘোষণা করেন।
আহত অপর তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করা হয় এবং গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে রেফার করা হয়েছে।
এদিকে এ দুর্ঘটনায় আলী হোসেনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।