শিশু যৌন নিপীড়নের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

কুমিল্লার নাঙ্গলকোটে ১১ বছরের শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের (বলাৎকার চেষ্টা) অভিযোগে বেলাল হোসেন নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৬ জুলাই) সকালে উপজেলার রায়কোট গাঙেরপাড় দারুসুন্নাহ এতিমখানা ও মাদরাসা থেকে ওই শিক্ষককে ধরে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।

গ্রেপ্তার বেলাল হোসেন ফেনীর দৌলতপুর গ্রামের আবদুল মতিনের ছেলে ও ওই মাদরাসার হিফজ বিভাগে শিক্ষক।

স্থানীয় জানায়, শনিবার দিবাগত রাতে মাদরাসার কক্ষে অন্য শিক্ষার্থীদের সঙ্গে ঘুমিয়ে ছিল ওই শিশু। এ সময় শিক্ষক বেলাল হোসেন ঘুমন্ত শিশুটির ওপর যৌন নিপীড়নের চেষ্টা চালান। শিশুটি টের পেয়ে বাধা দিলে দুইজনের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে শিশুটি চিৎকার শুরু করলে ওই শিক্ষক তাকে ছেড়ে দেন। সকালে শিশুটি বাড়ি ফিরে পরিবারের সদস্যদের কাছে বিষয়টি বিস্তারিত জানায়। ঘটনাটি জানাজানি হলে স্বজন ও স্থানীয় বাসিন্দারা মাদরাসায় গিয়ে ওই শিক্ষককে ধরে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে তাকে হেফাজতে নেয়।

এবিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনূর ইসলাম বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।