খুলনায় বিদেশি রিভালবারসহ টাইগার গ্রুপের সক্রিয় সদস্য গ্রেপ্তার

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০৭:৫৩ পিএম

খুলনার রায়ের মহল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে টাইগার গ্রুপের সক্রিয় সদস্য ও অস্ত্রধারী সন্ত্রাসী মো. রবিউল ইসলামকে (৩৬) একটি বিদেশি রিভলবারসহ গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৬, সিপিসি স্পেশাল কোম্পানি।

র‍্যাব জানায়, রবিবার (২৬ জুলাই) দুপুর ১টায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল খুলনা মহানগর পুলিশের (কেএমপি) হরিণটানা থানার রায়ের মহল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে খুলনার টাইগার গ্রুপের সক্রিয় সদস্য ও অস্ত্রধারী সন্ত্রাসী মো. রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তিনি রায়ের মহল এলাকার বাসিন্দা। তার পিতার নাম শেখ লাল মিয়া।

তিনি আরো জানান, গ্রেপ্তারের পর রবিউলের বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় তার দেখানো মতে একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রটি উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। 

র‍্যাবের প্রাথমিক অনুসন্ধান ও পুলিশ ক্লিয়ারেন্স (পিসি-পি আর) পর্যালোচনায় জানা গেছে, রবিউলের বিরুদ্ধে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় অস্ত্র আইন, মাদক, হত্যাচেষ্টা ও চুরিসহ মোট ১৬টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে দাবি করেছে র‍্যাব।

র‍্যাব-৬ আরও জানায়, গ্রেপ্তারকৃত রবিউলের বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে। মামলা দায়ের শেষে উদ্ধার হওয়া বিদেশি রিভলবারসহ তাকে খুলনা মহানগর পুলিশের হরিণটানা থানায় হস্তান্তর করা হবে।


 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত