চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

চট্টগ্রামে দশ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মো. আকতার সর্দার নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। রবিবার (২৬ জুলাই) চট্টগ্রাম মহানগরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত মো. আকতার সর্দার সুনামগঞ্জের জামালগঞ্জ থানার কুকড়াপর্শি এলাকার মো. সাত্তার সর্দারের ছেলে।

মামলার অভিযোগে জানা গেছে, ভুক্তভোগী শিশুর বাবা জুতার কারখানায় এবং মা একটি গার্মেন্টসে কর্মরত ছিলেন। পরিবারের সঙ্গে শিশুটি নগরের একটি কলোনিতে ভাড়া বাসায় বসবাস করতো। ২০২২ সালের ২ জুলাই সকালে বাবা-মা কর্মস্থলে গেলে বিকেল দিকে বাসায় একা পেয়ে শিশুটিকে ধর্ষণ করেন অভিযুক্ত মো. আকতার সর্দার। পরে ৬ জুলাই বিকেলে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তার মা বিষয়টি জানতে পারেন। পরবর্তীতে পরিবারের সদস্যরা শিশুটিকে পরীক্ষা করে ধর্ষণের আলামত দেখতে পান। এরপর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। এ ঘটনায় শিশুর বাবা মনির হোসেন সদরঘাট থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০২৩ সালের ২১ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০২৪ সালের ১৫ এপ্রিল চার্জগঠন করে বিচার শুরু হয়।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ বলেন, রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। সাজা পরোয়ানা মূলে তাকে কারাগারে পাঠানো হয়।