গাজীপুর মহানগরীর অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে জুয়েল নামে এক যুবককে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (২৬ জুলাই) দুপুরে পূবাইল খিলগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জুয়েলে (২৫) খিলগাঁও এলাকার জুলমত আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জুয়েল কিছুদিন আগে একই এলাকার রুস্তম আলীর অটোরিকশা থেকে চারটি ব্যাটারি চুরি করেছিলেন বলে অভিযোগ ওঠে। পরে স্থানীয় সালিসের মাধ্যমে বিষয়টি ৪০ হাজার টাকার বিনিময়ে মীমাংসা করে দেন৷ মীমাংসার পরও রবিবার দুপুরে আবার আগের ঘটনার জের ধরে জুয়েলকে পুনরায় চোর আখ্যা দিয়ে কয়েকজন ব্যক্তি তাকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখে।এরপর তাকে নির্মমভাবে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। একপর্যায়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে খবর পেয়ে পূবাইল থানা পুলিশ ঘটনাস্থলে মরদেহ উদ্ধার করে।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। অভিযোগে যাদের নাম এসেছে তাদের আটকের চেষ্টা চলছে।