শিশু নিহতের ঘটনায় বাস জব্দ, হেলপার গ্রেপ্তার

ভোলার লালমোহনে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যুর ঘটনায় ফলোআপ অভিযানে দুর্ঘটনায় জড়িত যাত্রীবাহী বাস জব্দ এবং বাসের হেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ঘটনার পর থেকে পালিয়ে থাকা বাসচালককে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

শনিবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সৈনিক বাজার এলাকার ভোলা-চরফ্যাশন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত নাফিসা তাবাসসুম (ডাকনাম মাইশা) (৭) ওই এলাকার বাসিন্দা মো. বেল্লাল বেপারীর মেয়ে।

পুলিশ জানায়, বিকেল সাড়ে ৫টার দিকে মহাসড়কের পাশে অবস্থানকালে ভোলা থেকে চরফ্যাশনগামী মিথিলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে উঠে শিশুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটির চালক ও হেলপার পালিয়ে যায়।

এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে লালমোহন থানায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯৮/১০৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এফআইআর নম্বর-৩০ এবং জিআর নম্বর-১৭৯, তারিখ- ২৬ জুলাই ২০২৬। 

মামলার পর লালমোহন ও চরফ্যাশন থানার পুলিশের যৌথ অভিযানে দুর্ঘটনায় ব্যবহৃত মিথিলা পরিবহনের মোমেন শাহী-৩৭৫-এম নিবন্ধন নম্বরের বাসটি উদ্ধার করা হয়। বর্তমানে বাসটি চরফ্যাশন থানা পুলিশের হেফাজতে রয়েছে।

একই অভিযানে বাসটির হেলপার মো. তৈয়ব আলীকে (৫০) চরফ্যাশন পৌরসভার শরীফপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

লালমোহন থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার জন্য দায়ী পলাতক বাসচালককে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি মামলার তদন্তও চলমান আছে।

উল্লেখ্য, দুর্ঘটনার পরপরই ক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়কে গাছ ফেলে কিছু সময় যান চলাচল বন্ধ রেখে বিক্ষোভ করেন। স্থানীয়দের অভিযোগ, সৈনিক বাজার এলাকায় যানবাহনের বেপরোয়া গতি এবং নিরাপদ পারাপারের ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। তারা ওই এলাকায় স্থায়ী সড়ক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত এবং দায়ীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।