নওগাঁর বদলগাছীতে শাখা নদীতে গোসল করতে নেমে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। রবিবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার আধাইপুর ইউনিয়নের কার্তিকাহার এলাকায় এ ঘটে।
নিহতরা হলেন- মেহেরপুর জেলার গাংনী উপজেলার নূর ইসলাম (২২) ও তার স্ত্রী কার্তিকাহার গ্রামের শাহিন আলমের মেয়ে সুমাইয়া আক্তার (১৮)।
প্রত্যক্ষদর্শীরা ও পরিবার সূত্রে জানা যায়, গত ৬ মাস পূর্বে মেহেরপুর জেলার গাংনী উপজেলার নূর ইসলামের সঙ্গে সুমাইয়া আক্তারের বিয়ে হয়।
গতকাল শনিবার বিকেলে নূর ইসলাম স্ত্রী সুমাইয়াকে নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন। আজ রবিবার বেলা সাড়ে ১২ টার দিকে নূর ইসলাম ও সুমাইয়া বাড়ির পাশে শাখা নদীতে গোসল করতে যায়। প্রথমে নদীতে সুমাইয়া আক্তার গোসল করতে নামে। গোসলের সময় সুমাইয়া আক্তারকে পানিতে তলিয়ে যাওয়া দেখে পাড়ের উপর থেকে নূর ইসলাম ও নদীতে নামে। এসময় দুজনই পানিতে তলিয়ে যায়। এরপর স্নানীয়রা তাদেরকে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর স্বামী-স্ত্রী দুজনকেই অচেতন অবস্থায় পান।
তাৎক্ষণিক তাদের বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন দেশ রূপান্তরকে নিহতের ঘটনা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।