ফেনীর পরশুরাম সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এক নারী ও তিন শিশুসহ চারজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করেছে। তবে অবৈধভাবে অনুপ্রবেশের এই চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (২৬ জুলাই) বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের কেতরাঙ্গা সীমান্তে এ ঘটনা ঘটে।
বিজিবির সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের কেতরাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তে এক নারী ও তিনজন শিশুসহ চারজনকে জোড় করে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। এ সময় স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় কেতরাঙ্গা বিওপির বিজিবির সদস্যরা তাদের প্রতিহত করেন। জানা যায়, পুশ ইনের চেষ্টা করা চারজনের সবাই ভারতীয় নাগরিক।
বিজিবি ৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, এ ঘটনায় বিজিবি ৪ ফেনী ব্যাটালিয়নের পক্ষ থেকে বিএসএফের কাছে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। ফেনী সীমান্ত দিয়ে কোনোভাবে অবৈধ পুশ ইন সম্ভব হবে না। সীমান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে।
তিনি আরও বলেন, সীমান্তে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা, মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।
এর আগে শনিবার একই উপজেলার শ্রীপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করলে ছয় নারী ও এক শিশুকে প্রতিহত করা হয়।