বন্ধুত্ব দিবস

বন্ধু ছাড়া জীবনকে কি কেউ কল্পনা করতে পারেন? বন্ধুত্ব মানবজীবনের জন্য এমন অপরিহার্য একটি বিষয় যে, এটি উদযাপনের জন্য আলাদা কোনো দিবসের প্রয়োজন পড়ে না। তবু বন্ধুদের নিয়ে বন্ধুত্ব উদযাপনের জন্য যদি একটি দিন নির্দিষ্ট থাকে তাহলে মন্দ কী? সে চিন্তা থেকেই ১৯৫৮ সালের ২০ জুলাই বিশ্ব বন্ধুত্ব দিবসের প্রস্তাব করেন ড. আর্টেমিও ব্র্যাচো। দিনটি বিভিন্ন দেশে বিভিন্ন তারিখে পালিত হয়ে আসছিল। অবশেষে ২০১১ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ৩০ জুলাইকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস ঘোষণা করা হয়। তবে বাংলাদেশ, ভারতসহ যুক্তরাষ্ট্রের কয়েকটি অংশে আগস্টের প্রথম রবিবার বন্ধুত্ব দিবস হিসেবে পালিত হয়। অবশ্য কয়েকটি দক্ষিণ আমেরিকান ও ইউরোপিয়ান দেশে এই দিবসটি পালিত হয় ১৪ ফেব্রুয়ারিতে।

দিবস যা-ই হোক না কেন, এর পেছনের ঘটনাটি কিন্তু খুব হৃদয়বিদারক। ১৯৩৫ সাল থেকেই বন্ধু দিবস পালনের প্রথা চলে আসছে যুক্তরাষ্ট্রে। জানা যায়, ওই বছর আইনশৃঙ্খলা বাহিনী এক ব্যক্তিকে হত্যা করে। দিনটি ছিল আগস্টের প্রথম শনিবার। তার প্রতিবাদে পরের দিন ওই ব্যক্তির এক বন্ধু আত্মহত্যা করেন। সেই থেকে আগস্টের প্রথম রবিবার বন্ধুত্ব দিবস হিসেবে পালন করা হয়।