তানজিম সাইয়ারা তটিনী এখন ছোটপর্দার জনপ্রিয় মুখ। খুব অল্প সময়েই নির্মাতাদের আস্থার নাম হয়ে উঠেছেন এই তরুণ অভিনেত্রী। টিভি নাটকের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও মাঝেমধ্যে দেখা যায় তাকে। ২০২১ সালে ‘হাউজ নং ৯৬’-এর পর নতুন কোনো ধারাবাহিক নাটকে অভিনয় করেননি তিনি। তবে ৫ বছরের বিরতি ভেঙে আবারও ধারাবাহিক নাটকে ফিরছেন তিনি। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’-এ অভিনয় করছেন তটিনী। এরই মধ্যে প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট নাটকটির প্রথম লুক প্রকাশ করেছে। এতে তটিনীর চরিত্রের নাম নূরজাহান। ধারাবাহিকটিতে আরও অভিনয় করছেন খায়রুল বাসার, শহীদুজ্জামান সেলিম, সুমাইয়া শিমু, ফাইজুল ইয়ামিন, মনিরা মিঠু, মাহমুদুল ইসলাম মিঠু, দীপা খন্দকার, এজাজুল ইসলাম ও মুকিত জাকারিয়াসহ অনেকে। এই নাটকের মাধ্যমে দীর্ঘদিন পর ধারাবাহিক নাটকে ফিরছেন অভিনেত্রী সুমাইয়া শিমুও।
মুহাম্মদ মোস্তফা কামাল রাজের কাছ থেকে জানা গেছে, বর্তমানে চলছে নাটকটির শুটিংয়ের প্রস্তুতি। আগামী মাসে এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এরপর নাটকটি নিয়ে বিস্তারিত জানানো হবে। এর আগে রাজের পরিচালনায় ‘তোমাদের গল্প’, ‘তোমাদের গল্প ২’ ও ‘সম্পর্কের গল্প’ নাটকে অভিনয় করে প্রশংসা পেয়েছেন তটিনী। সম্প্রতি তিনি নির্মাতার নতুন নাটক ‘পথহারা’র শুটিংও শেষ করেছেন। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন জাহিদ হাসান, খায়রুল বাসার ও দীপা খন্দকার।
নাটকের পাশাপাশি তটিনীকে নিয়ে সিনেমা নির্মাণের গুঞ্জনও বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে। বিভিন্ন সময় বড় পর্দায় অভিনয়ের প্রস্তাব পেলেও আপাতত সে পথে হাঁটতে চান না তিনি। তটিনীর ভাষ্য, এখন তার পুরো মনোযোগ নাটকে। নিজেকে আরও পরিণত ও প্রস্তুত করে তবেই চলচ্চিত্রে অভিষেক করতে চান এই অভিনেত্রী।
এদিকে গতকাল রবিবার সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে তটিনীর নতুন নাটক ‘অমর প্রেম’। জাহিদুল ইসলাম সুজন পরিচালিত এই নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন পার্থ শেখ।